১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঝালকাঠিতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ নৈশপ্রহরীর বিরুদ্ধে

আলমগীর হোসেন ওরফে খোকন আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশপ্রহরী হলেও বিদ্যালয় কক্ষে নিয়মিত প্রাইভেট পড়ান বলে এলাকাবাসীর অভিযোগ।

ঝালকাঠিতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ নৈশপ্রহরীর বিরুদ্ধে

বিদ্যালয়ের মাঠে এলাকাবাসীর বিক্ষোভ

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2022, 08:04 PM

Updated : 23 Sep 2022, 08:04 PM

ঝালকাঠির নলছিটি উপজেলায় পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে একটি প্রাথমিক বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে। 

শুক্রবার ভোরে ৮ নম্বর আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে বলে নলছিটি থানার এসআই শহীদুল আলম জানান। 

এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী বেলা সাড়ে ১১টা থেকে আধঘণ্টাব্যাপী ঝালকাঠি-বরিশাল মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করে। 

এলাকাবাসী জানান, আলমগীর হোসেন ওরফে খোকন নামের এই নৈশপ্রহরী বিদ্যালয়টির প্রধান শিক্ষকের ছোট ভাই। বিদ্যালয় কক্ষে তিনি নিয়মিত প্রাইভেট পড়ান।   

শুক্রবার সকালে স্কুলমাঠে ফুটবল খেলতে আসা স্থানীয় কয়েকজন তরুণ এ ঘটনা দেখে ফেলে বলে জানান। তাদের একজন মো. সাদ্দাম হোসেন। 

সাদ্দাম হোসেন সাংবাদিকদের বলেন, “ভোরে পঞ্চম শ্রেণির দুই ছাত্রী ওই নৈশপ্রহরীর কাছে পড়তে আসে। তারা ভোর সাড়ে ৬টায় আসায় সন্দেহ হলে আমিসহ কয়েকজন স্কুলের ভেতরে প্রবেশ করে দোতালার একটি কক্ষে এক মেয়েকে দেখতে পাই। পাশের কক্ষের দরজা বেঞ্চ দিয়ে আটকানো ছিল। এ সময় বেঞ্চ সরিয়ে ভেতরে প্রবেশ করলে স্কুলের পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী ও ওই নৈশপ্রহরীকে অর্ধউলঙ্গ অবস্থায় দেখতে পাই।” 

Image

বিক্ষুব্ধ এলাকাবাসী শুক্রবার ঝালকাঠি-বরিশাল মহাসড়ক অবরোধ করে

“কক্ষের ভেতরে প্রবেশ করায় ওই নৈশপ্রহরী আমাকে মারধরও করেন। তবে আমার সঙ্গে অন্যরা থাকায় আমি রক্ষা পাই,” বলেন সাদ্দাম। 

এলাকাবাসীর অভিযোগ, খবর পেয়ে স্কুলের প্রধান শিক্ষক ঘটনাস্থলে এসে তার ভাইকে চড়-থাপ্পর দেওয়ার নাটক করে কৌশলে পালিয়ে যেতে সহযোগিতা করেন। প্রধান শিক্ষকের ‘প্রশ্রয়ে’ এই ব্যক্তি ২০১৮ সালেও এমন ঘটনা ঘটান।  

ভাইকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, “নৈশপ্রহরীকে বরখাস্ত বা বদলি করার ক্ষমতা আমার নেই। তবে কর্তৃপক্ষ এ ঘটনায় যে ব্যবস্থা নেবে আমি সেটাই মেনে নেব।” 

ঘটনাস্থলে প্রাথমিক তদন্তে আসা নলছিটি থানার এসআই শহীদুল আলম বলেন, “ভিকটিম ও তার মাকে আমরা থানায় নিয়ে বিষয়টি তদন্ত করছি। ঘটনার পর থেকে নৈশপ্রহরী আলমগীর হোসেন ওরফে খোকন পলাতক রয়েছেন। তাকে ধরতে অভিযান চলছে।”