Published : 12 Jul 2026, 03:29 PM
টানা বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলের প্রভাবে নেত্রকোণায় সোমেশ্বরী ছাড়া সব প্রধান নদীর পানি বেড়ে চলেছে। উপদাখালি নদীর পানি আরও এক সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ২ সেন্টিমিটার উপর দিয়ে বইছে।
রোববার দুপুরে জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শাখাওয়াত হোসেন বলেন, সকাল থেকেই কলমাকান্দা পয়েন্টে উপদাখালি নদীর পানি বিপৎসীমার ২ সেন্টিমিটার উপর দিয়ে বইছে। এর আগে শনিবার সন্ধ্যা ৬টায় পানি বিপৎসীমার ১ সেন্টিমিটার উপরে ছিল।
এছাড়া জেলার অন্যান্য প্রধান নদী ধনু, মগড়া ও কংশের পানিও বেড়ে চলেছে। তবে এসব নদীর পানি এখনও বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
এর মধ্যে রোববার সকালে খালিয়াজুরী পয়েন্টে ধনু নদীর পানি বেড়ে বিপৎসীমার ১ দশমিক ৩৯ মিটার নিচ দিয়ে বইছে। আটপাড়া উপজেলার মগড়া নদীর পানি বেড়ে বিপৎসীমার ৬৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
অন্যদিকে, জারিয়া পয়েন্টে কংশ নদীর পানি বেড়ে বিপৎসীমার ১ দশমিক ৫৯ মিটার নিচ দিয়ে বইছে। তবে সোমেশ্বরী নদীর পানি কমে বিজয়পুর পয়েন্টে বিপৎসীমার ৩ দশমিক ১০ মিটার এবং দুর্গাপুর পয়েন্টে ৩ দশমিক ০৪ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
এদিকে উপদাখালি নদীর পানি বেড়ে চলায় জেলার কলমাকান্দায় বন্যা পরিস্থিতির শঙ্কা দেখা দিয়েছে জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম বলেন, বৃষ্টি আর উজানের ঢলের পানি মিলে নদীর পানি বাড়ছে। এখন নাগাদ লোকালয়ে পানি ঢোকেনি। তবে বন্যা পরিস্থিতির শঙ্কা থাকায় আগাম প্রস্তুতি নেয়া আছে।
বন্যা হলে জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে তা মোকাবেলা করা হবে, বলেন তিনি।
আরও পড়ুন-