কিশোরগঞ্জে ছাত্রলীগের কমিটি নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০
কমিটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।
সদ্য ঘোষিত কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা ছাত্রলীগের কমিটির নেতৃত্ব নিয়ে দ্বন্দ্বের মধ্যে দুইপক্ষ সংঘর্ষে জড়িয়েছে; এতে বেশ কয়েকজন আহত হয়েছে।
সোমবার বেলা ৩টার দিকে উপজেলার সদর বাজারে সংঘর্ষের এ ঘটনা ঘটে বলে হোসেনপুর থানার ওসি মাসুদ আলম জানান।
তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে সদ্য ঘোষিত কমিটির নেতারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিতে আসেন। এই খবর পেয়ে কমিটিতে পদবঞ্চিত নেতারাও উপজেলার সদরের বাজার এলাকায় আসেন। এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
এর মধ্যে একটি পক্ষ হাসপাতাল মোড়ে এবং অপর পক্ষটি পশ্চিম পট্টি মোড়ে অবস্থান নেয়। একপর্যায়ে দুটি পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হোসেনপুর থানার ওসি মাসুদ আলম জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
ছাত্রলীগ নেতারা জানান, বুধবার রাতে কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে হোসেনপুর উপজেলা ছাত্রলীগের ২৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়।
ওই রাতেই কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুক পেইজে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে দুটি পোস্ট দেন। এতে জেলাজুড়ে তোলপাড় হয়।
পর দিন বৃহস্পতিবার ছাত্রলীগের একটি পক্ষ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সংবাদ সম্মেলনে করে হোসেনপুরের কমিটি বাতিলের দাবি জানায়।
আরও পড়ুন:
