ছাত্রলীগের হোসেনপুর কমিটি নিয়ে ক্ষোভ এমপির, একাংশের সংবাদ সম্মেলন
ওই সংসদ সদস্য বলেন, অছাত্র, বিবাহিত, বয়স উত্তীর্ণ ও বিতর্কিতদের দিয়ে কমিটি করা হয়েছে।
কিশোরগঞ্জে হোসেনপুর উপজেলা শাখা ছাত্রলীগের নতুন কমিটি নিয়ে ফেইসবুকে স্থানীয় সংসদ সদস্যের ক্ষোভ প্রকাশের পর এ নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। কমিটি প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলন করেছে উপজেলা ছাত্রলীগের একটি অংশ।
গত বুধবার জেলা ছাত্রলীগের সভাপতি মো. আনোয়ার হোসেন মোল্লা সুমন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ফায়েজ উমান খানের স্বাক্ষরে সংগঠনের প্যাডে হোসেনপুর উপজেলা শাখায় মুস্তাফিজুর রহমান মোখলেছকে সভাপতি এবং ইয়াছিন আরাফাত শুভকে সাধারণ সম্পাদক করে ২৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়।
কমিটি গঠনের প্রতিক্রিয়ায় কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য সৈয়দা জাকিয়া নূর লিপি বুধবার রাত ১টা ১৪ মিনিটে ফেইসবুকে তার আইডি থেকে প্রথম পোস্ট করেন।
এতে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “আমরা কি এই ছাত্রলীগ চেয়েছিলাম? যারা কথা দিয়ে কথা রাখতে পারে না। কিসের লোভে। এখন জানার সময় হয়েছে।”
পোস্টে তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে উদ্দেশ করে লিখেন, “তোমরা দুজনে আমাকে কথা দিয়েছিলে, সদর ও হোসেনপুরের কমিটি আমার মত করে দিবে। এছাড়া জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকও আমাকে অনুরূপ কথাই দিয়েছিল।”
প্রথম পোস্টের সাত মিনিট পর দ্বিতীয় পোস্টে এ নারী সংসদ সদস্য নতুন ঘোষিত কমিটি নিয়ে আরও বলেন, “অছাত্র, বিবাহিত, বয়স উত্তীর্ণ ও বিতর্কিতদের দিয়ে কমিটি করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদককে বারবার বলার পরও কেন বা কী কারণে সমন্বয় না করেই মেয়াদ উত্তীর্ণ জেলা কমিটি কর্তৃক এমন একটি বিতর্কিত কমিটি ঘোষণা করা হল? আমরা কি এমন বাংলাদেশ ছাত্রলীগ চেয়েছিলাম?”
তিনি আরও লিখেন, “মেয়াদ উত্তীর্ণ ও বিতর্কিত কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগ এর কমিটি ও নবগঠিত হোসেনপুর উপজেলা ছাত্রলীগের বিতর্কিত কমিটির বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি।”
তার দেওয়া দুটি পোস্টের পর নতুন কমিটির পক্ষে-বিপক্ষে নেতাকর্মীদের মন্তব্যকে কেন্দ্র করে তোলপাড় সৃষ্টি হয়।
এদিকে বৃহস্পতিবার দুপুরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ওই কমিটির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে উপজেলা ছাত্রলীগের একটি অংশ।
এ সময় টাকার বিনিময়ে অছাত্র, বিবাহিত, বয়স্ক, মাদকাসক্ত ও বিতর্কিতদের দিয়ে কমিটি করার অভিযোগ এনে ঘোষিত কমিটি প্রত্যাখ্যান করে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনের দাবি জানান তারা।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন হোসেনপুর উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাদেক মিয়া। উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সহ-সভাপতি মোখলেছুর রহমান, সাবেক যুগ্ম আহ্বায়ক এমদাদ হোসেন মোল্লা মঈন, সাবেক সদস্য আমির হামজা, হোসেনপুর কলেজ ছাত্রলীগ নেতা মনিরুল ইসলাম মাছুম সংবাদ সম্মেলেন ছিলেন।
নতুন ঘোষিত কমিটির বিষয়ে কথা বলতে জেলা ছাত্রলীগের সভাপতি মো. আনোয়ার হোসেন মোল্লা সুমন এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়েজ উমান খানের মোবাইলে একাধিকবার কল করা হলেও তারা ফোন ধরেননি।
২০২০ সালের ১০ ফেব্রুয়ারি কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের তিন সদস্যের কমিটি এক বছরের জন্য অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ। কমিটিতে আনোয়ার হোসেন মোল্লা সুমনকে সভাপতি, মোহাম্মদ ফয়েজ উমান খানকে সাধারণ সম্পাদক এবং লুৎফর রহমান নয়নকে সাংগঠনিক সম্পাদক করা হয়। তিন সদস্যের কমিটির বয়স তিন বছর হতে চললেও এখন পর্যন্ত পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারেনি।
