বরিশালে মিছিল থেকে মহানগর বিএনপির পাঁচ নেতা গ্রেপ্তার
তাদের নামে নাশকতাসহ একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
অবরোধের সমর্থনে বরিশাল নগরীতে পৃথক দুইটি মিছিল থেকে মহানগর বিএনপিসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার দুপুরে নগরীর বান্দরোড ও বটতলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে কোতয়ালী মডেল থানার ওসি আনোয়ার হোসেন জানিয়েছেন।
গ্রেপ্তাররা হলেন- বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) আলী হায়দার বাবুল, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান মঞ্জু, নগরীর ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান মিনার, বরিশাল জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক তামজীদ হোসেন ও সদর উপজেলার চরমোনাই ইউনিয়ন যুবদলের সভাপতি সালেহ মোহাম্মদ সোয়েব।
ওসি আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অবরোধের সমর্থনে মিছিল করার সময় নগরীর বটতলা এলাকা থেকে চারজন ও বান্দরোড থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।”
তাদের নামে নাশকতাসহ একাধিক মামলা রয়েছে: ওই মামলায় তাদের আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।
মহানগর বিএনপির দায়িত্ব প্রাপ্ত দপ্তর সম্পাদক জাহিদুর রহমান রিপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “বরিশাল নগরীর বটতলা দুদক অফিসের সামনে থেকে মহানগর বিএনপিসহ এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একটি মিছিল বের করে।
“মিছিলটি রাজু মিয়ার পুল সংলগ্ন এলাকায় পৌঁছুলে দুই দিক থেকে পুলিশ ধাওয়া ও লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়।”
রিপন আরও বলেন, “নগরীর বান্দ রোডে স্বেচ্ছাসেবক দল অবরোধের সমর্থনে মিছিল করে। মিছিল শেষে মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান মঞ্জুকে গ্রেপ্তার করেছে পুলিশ।“
এ বিষয়ে ওসি আনোয়ার বলেন, “বটতলায় বিএনপির মিছিলে কোনো লাঠিচার্জের ঘটনা ঘটেনি।”
