২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে গৃহবধূকে হত্যার পর স্বর্ণালঙ্কার লুট, পলাতক গৃহকর্মী

মেয়ে এসএসসি পরীক্ষা দিয়ে এসে ঘরে মায়ের লাশ দেখতে পায়। 

জয়পুরহাটে গৃহবধূকে হত্যার পর স্বর্ণালঙ্কার লুট, পলাতক গৃহকর্মী

জয়পুরহাট জেলা শহরের একটি বাসা থেকে গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

জয়পুরহাট প্রতিনিধি

Published : 27 Sep 2022, 10:01 PM

Updated : 27 Sep 2022, 10:01 PM

জয়পুরহাট জেলা শহরের একটি বাসা থেকে গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে; ঘটনার পর থেকে পলাতক আছেন ওই বাসার গৃহকর্মী।

মঙ্গলবার বিকালে শহরের জানিয়ার বাগান এলাকার একটি বাসা থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয় বলে জয়পুরহাট সদর থানার ওসি সিরাজুল ইসলাম জানান। 

তিনি আরও জানান, বাসার কিছু স্বর্ণালঙ্কার ও টাকা লুট হয়েছে বলে নিহতের পরিবার জানিয়েছে।

নিহত সাজেদা ইসলাম (৩৭) জেলার পাঁচবিবি উপজেলার রসুল গ্রামের হাফিজুল ইসলামের স্ত্রী। হাফিজুল একটি বেসরকারি কোম্পানিতে কাজ করেন। জানিয়ার বাগানের বাসায় পরিবার ভাড়া থাকে।

নিহতের মেয়ে আরিফা ইসলাম জানান, তার বাবা চাকরির কারণে অধিকাংশ সময়ই জয়পুরহাটের বাইরে থাকেন। গত বছরের নভেম্বরে তারা এই বাসা ভাড়া নেন। বিকাল এসএসসি পরীক্ষা দিয়ে বাসায় এসে দুই হাত পেছনে বাঁধা অবস্থায় মায়ের লাশ দেখতে পায়। তখন সে চিৎকার করে প্রতিবেশীদের ডাকে। 

আরিফা বলেন, “ঘরের মেঝেতে আসবাবপত্র এলোমেলো ছিল। এ সময় গৃহকর্মী বাসায় ছিলেন না। ধারণা করছি, মাকে হত্যার পর গৃহকর্মী স্বর্ণালঙ্কারসহ টাকাপয়সা নিয়ে পালিয়ে গেছেন।”

সদর থানার ওসি সিরাজুল ইসলাম আরও বলেন, “এই মুহূর্তে হত্যাকাণ্ড সম্পর্কে কিছু বলা যাচ্ছে না। পুলিশ এরই মধ্যে খুনি ধরতে অভিযান শুরু করেছে।”

তদন্তের স্বার্থে গৃহকর্মী নাম জানাতে চাননি পুলিশের এই কর্মকর্তা।

মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।