২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে ক্রিস্টাল মেথ-ইয়াবা জব্দ

বিজিবি দেখে ২ ব্যক্তি নৌকা থেকে লাফিয়ে সাঁতরিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।

টেকনাফে ক্রিস্টাল মেথ-ইয়াবা জব্দ

এ ঘটনায় কাউকে আটক করা হয়নি বলে বিজিবি জানায়।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2023, 10:44 PM

Updated : 10 Feb 2023, 10:44 PM

কক্সবাজারের টেকনাফে ১ কেজি ২৫৮ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ২০ হাজার ইয়াবা জব্দ করেছে বিজিবি। 

শুক্রবার ভোরে টেকনাফের খারাংখালীস্থ নাফ নদীর মোহনায় এ অভিযান চালানো হয় বলে বিজিবি টেকনাফস্থ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান। 

তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

শেখ খালিদ জানান, গোপন সংবাদে বিজিবি টহল দলের অভিযানের সময় মিয়ানমার থেকে কাঠের নৌকায় ২ ব্যক্তি বাংলাদেশে প্রবেশ করে। 

বিজিবি সদস্যরা দাঁড়াতে বললে ২ ব্যক্তি নৌকা থেকে লাফিয়ে সাঁতরিয়ে মিয়ানমারের অভ্যন্তরে নাফ ফোয়ারা দ্বীপের দিকে পালিয়ে যায়। 

টহলদল একটি কাঠের নৌকা জব্দ করে তল্লাশি চালায়। নৌকার পাটাতনের নিচ থেকে ১ কেজি ২৫৮ গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং ২০ হাজার ইয়াবা জব্দ করা হয়। 

এ ঘটনায় চোরাকারবারীদের শনাক্তের চেষ্টা চলছে বলে বিজিবি জানায়।

এছাড়া ভোরে বিজিবি অপর এক অভিযানে নাফ নদীতে ১৫০ বোতল বার্মিজ মদ এবং ৩৫০ ক্যান বার্মিজ বিয়ার জব্দ করে। 

এ ঘটনায় কেউ আটক হননি বলে জানান বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক।

শেখ খালিদ জানান, সকালে অপর এক অভিযানে কক্সবাজার-টেকনাফ সড়কের হোয়াইক্যং চেকপোস্টে যানবাহনে তল্লাশি চালিয়ে ১ হাজার ৯১০টি ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে। 

এ ব্যাপারে টেকনাফ থানায় মামলা হয়েছে বলেও জানান তিনি।

তবে তাৎক্ষণিকভাবে আটকের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।