কুড়িগ্রামে শাপলা তুলতে গিয়ে নৌকা থেকে পড়ে প্রাণ গেল শিশুর
সমবয়সী বন্ধুদের সঙ্গে নৌকায় করে বাড়ির পাশে বিলে শাপলা ফুল তুলতে গিয়েছিল মমিন।
কুড়িগ্রাম সদরে বাড়ির পাশের বিলে শাপলা ফুল তুলতে গিয়ে নৌকা থেকে পড়ে মারা গেছে এক শিশু।
শনিবার সকাল ১১টার দিকে উপজেলার পাঁচগাছী ইউনিয়নের ছড়ার পাড় এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কুড়িগ্রাম সদর থানার ওসি মো. হাবিবুল্লাহ।
মারা যাওয়া সাত বছর বয়সী মমিন ওই এলাকার শামসুল হকের ছেলে।
স্থানীয়দের বরাতে পাঁচগাছী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার বলেন, মমিন ও তার সমবয়সী বন্ধুদের সঙ্গে নৌকায় করে বাড়ির পাশে বিলে শাপলা ফুল তুলতে যায়। এ সময় নৌকা থেকে পানিতে পড়ে নিখোঁজ হয় সে।
পরে পরিবারের লোকজন জানতে পেরে বিল থেকে তার মরদেহ উদ্ধার করে।
ওসি হাবিবুল্লাহ বলেন, শিশুর মৃত্যুতে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।
