২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ষড়যন্ত্র, পেশিশক্তি দিয়ে’ ক্ষমতা চায় না আওয়ামী লীগ: স্বরাষ্ট্রমন্ত্রী

“কেউ বাইরে থেকে এসে ছবক দেবে তা হবে না, আমরা নিজেরা চলতে পারি।”

‘ষড়যন্ত্র, পেশিশক্তি দিয়ে’ ক্ষমতা চায় না আওয়ামী লীগ: স্বরাষ্ট্রমন্ত্রী

শনিবার যশোরে পুলিশ সুপারের কার্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2023, 07:37 PM

Updated : 04 Mar 2023, 07:37 PM

সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই নতুন সংসদ নির্বাচিত হওয়ার নিশ্চয়তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। বলেছেন, কোনো ‘ষড়যন্ত্র’ বা ‘পেশিশক্তি’ ব্যবহার করে ক্ষমতা চান না তারা।

শনিবার যশোরে পুলিশ সুপারের কার্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “আওয়ামী লীগ বিশ্বাস করে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আবার নতুন প্রধানমন্ত্রী, নতুন সংসদ নির্বাচিত হবে। ইলেকশন কমিশন সেই ব্যবস্থাটা করবে, এটাই আমরা মনে করি।”

আমরা সবার জন্য রাজনৈতিক অঙ্গন একদম ‘মুক্ত’ করে দেওয়ার দাবিও করেন তিনি। বলেন, “যে যেমন পারছেন, তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন। আমরা কোনো বাধা দিচ্ছি না।”

আওয়ামী লীগ জনগণকেই তার শক্তি হিসেবে দেখে বলেও দাবি করেন কামাল। বলেন, “আওয়ামী লীগ কখনও বিশ্বাস করে না যে, ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসবে। আওয়ামী লীগ কখনও বিশ্বাস করে না যে, পেশিশক্তির মাধ্যমে, বন্দুকের নলের মাধ্যমে ক্ষমতায় আসবে।”

বাংলাদেশের রাজনীতি ও নির্বাচন নিয়ে বিদেশিদের কথা বলার অধিকার নেই বলেও মনে করেন মন্ত্রী। বলেন, “কেউ বাইরে থেকে এসে ছবক দেবে তা হবে না, আমরা নিজেরা চলতে পারি।”

সরকার দায়িত্ব পালনে সফল দাবি করে তিনি বলেন, “আমাদের চরম দারিদ্র্য কেমন ছিল, আগামী ১০ বছর পরে তা জাদুঘরে গিয়ে দেখে আসতে হবে। তা সম্ভব হয়েছে আমাদের প্রধানমন্ত্রীর দূরদর্শিতার কারণে। আমরা সকলে যদি একসঙ্গে চলি, তবে আমাদের অগ্রযাত্রা কেউ ঠেকাতে পারবে না।”

জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে টেকসই শান্তি দরকার বলেও মন্তব্য করেন মন্ত্রী। বলেন, “আর সে জন্য সাসটেইনেবল নিরাপত্তা দরকার।”

সরকার দেশের সব কয়টি থানাকে আধুনিকায়ন করতে যাচ্ছে বলেও জানান তিনি। বলেন, “এরই মধ্যে ১০১টি থানার ভবন নির্মাণ শেষ হয়েছে, আরও ৫০টি থানার ভবন নির্মাণ প্রক্রিয়াধীন।

“যশোরের পুলিশ সুপারের কার্যালয়সহ নয়টি কার্যালয় নির্মাণ শেষ হয়েছে। সব ধরনের সুযোগ-সুবিধা এখানে থাকবে।”

যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বেনজীর আহমেদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব আমিনুল ইসলাম খান, পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক।