ঝিনাইদহে ছুরিকাঘাতে যুবক নিহত
পুলিশের ভাষ্য, দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সবুজকে ছুরিকাঘাত করে পালিয়ে যান আলম।
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার সকালে কোটচাঁদপুর সরকারি মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয় পাশে এ ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট থানার পরিদর্শক মঈন উদ্দিন জানান।
নিহত সবুজ হোসেন (৩০) শহরের হাইস্কুল পাড়ার আব্দুর রহিমের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে পরিদর্শক মঈন উদ্দিন জানান, আলমসাধুর চালক সবুজ ওই স্কুলের পাশের একটি দোকানে বসে চা খাচ্ছিলেন। এ সময় শহরের সলেমানপুর দাসপাড়ার শামছুদ্দিন মিয়ার ছেলে আলম হোসেন সেখানে যান।
“তখন দুজনের মধ্যে কিছু একটা নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে সবুজকে ছুরিকাঘাত করে পালিয়ে যান আলম।”
স্থানীয়রা উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সবুজকে মৃত ঘোষণা করেন।
“আলম মাদকাসক্ত বলে এলাকাবাসী জানায়। তাকে গ্রেপ্তারে আমরা অভিযান চালাচ্ছি,” বলেন পুলিশের এ কর্মকর্তা।
