কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘র্যাগিং সুরাহায় গিয়ে সহকারী প্রক্টর লাঞ্ছিত’
সংবাদ সংগ্রহ করতে গিয়ে ক্যাম্পাসের সাংবাদিকরা হামলার শিকার হন বলেও অভিযোগ উঠেছে।
ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্রহলে ‘র্যাগিংয়ের’ ঘটনা সমাধান করতে যাওয়া এক সহকারী প্রক্টরকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে।
শাহজালাল হলে শনিবার রাতে এ ঘটনা ঘটে বলে ঘটনাস্থলে থাকা কয়েকজন শিক্ষার্থী জানান।
এ সময় হলে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ক্যাম্পাসের সাংবাদিকরা হামলার শিকার হন বলেও অভিযোগ উঠেছে।
তবে শাহজালাল হলে র্যাগিংয়ের কোনো ঘটনা ঘটেনি বলে ওই হলের প্রভোস্ট মো. কামরুল হাছানের দাবি।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী বলেন, কয়েকদিন আগে শাহজালাল হলের প্রথম বর্ষের এক শিক্ষার্থীকে র্যাগিং করেন ওই হলের ছাত্রলীগের নেতাকর্মীরা। বিষয়টি সুরাহা করতে শনিবার রাত ১০টার দিকে ওই শিক্ষার্থীর কয়েকজন স্বজন ও সহকারী প্রক্টর মো. রিজওয়ানুল হক কনক হলে যান।
এ সময় হলের প্রভোস্ট অধ্যাপক কামরুল হাছান সেখানে উপস্থিত ছিলেন।
প্রভোস্ট কার্যালয়ে বিষয়টি নিয়ে আলোচনার এক পর্যায়ে ওই হলের ছাত্রলীগের নেতাকর্মীদের তোপের মুখে পড়েন প্রভোস্ট ও সহকারী প্রক্টর। তাকে অবরুদ্ধ করে রাখেন হল ছাত্রলীগের নেতাকর্মীরা।
খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মুহাম্মদ মহির উদ্দীন ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি হলে গিয়ে সহকারী প্রক্টর ও শিক্ষার্থীর অভিভাবকদের উদ্ধার করেন।
এ ঘটনার পর সহকারী প্রক্টর রিজওয়ানুল হক কনক অসুস্থ হয়ে পড়লে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।
এদিকে, বিষয়টি নিয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে বিশ্ববিদ্যালয় কর্মরত তিনজন সাংবাদিক হামলার শিকার হন।
এই তিন সাংবাদিক হলেন ঢাকাপোস্ট-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মুসাদ্দিকুল ইসলাম তানভীর, দৈনিক খোলা কাগজ পত্রিকার ইফতেখারুল ইসলাম সৈকত এবং ক্যাম্পাস লাইভ ২৪ ডট কম প্রতিনিধি রায়হান আবিদ।
পরে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান ঘটনাস্থলে গিয়ে ওই হলের ছাত্রলীগ নেতা নাজমুল শাকিলকে বিষয়টি সুরাহার দায়িত্ব দেন।
এররপ নাজমুল শাকিল এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে সাংবাদিকদের কাছে ক্ষমা চান।
হামলার শিকার সাংবাদিকদের অভিযোগ, বিষয়টি সুরাহা হলে রাত ১টার দিকে সাংবাদিকেরা শাহজালাল হল থেকে নিজ নিজ হলের দিকে বের হন। পথে ওই হলের ছাত্রলীগের ৮/১০ জন নেতাকর্মী শহীদ শামসুল হক হলের সামনে তাদের উপর হামলা চালান। সেখানে ওই তিন সাংবাদিকসহ দৈনিক এশিয়ান এজ পত্রিকার প্রতিনিধি আতিকুর রহমানের ওপর অতর্কিত হামলা চালানো হয়।
হামলার সময় ক্যাম্পাস লাইভ২৪ডট কম-এর বাকৃবি প্রতিনিধি রায়হান আবিদের সাইকেল ও মোবাইল ফোন ভাঙচুর করে তারা। আহত ওই চার সাংবাদিকদের পরে বিশ্ববিদ্যালয়ের হেলথ কেয়ারে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
সাংবাদিকরা জানান, এ ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের শহীদ নাজমুল আহসান হলের গেস্টরুমে ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের সঙ্গে বসেন বাকৃবি শাখা ছাত্রলীগ সভাপতি খন্দকার তায়েফুর রহমান রিয়াদ। রাত ২টার দিকে শহীদ শামসুল হক হলের সামনে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান বলেন, “নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে। ঘটনার সঙ্গে ছাত্রলীগের যারা জড়িত তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
পরে ঘটনাস্থলে আসেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মুহাম্মদ মহির উদ্দীন।
রাত আড়াইটার দিকে ছাত্র-শিক্ষক কেন্দ্রে সাংবাদিক সমিতির কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রক্টর। বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইনে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।
এ সময় তার সঙ্গে দুজন সহকারী প্রক্টরও সেখানে উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জানতে সহকারী প্রক্টর মো. রিজওয়ানুল হককে ফোন করলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
পরে তার স্ত্রীর সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, “ড. রিজওয়ানুল হক কিছুদিন ধরে শারীরিকভাবে অসুস্থ। হলের ওই ঘটনার পর আরও অসুস্থ হয়ে পড়লে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।”
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রাকিবুল হাসান বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন এ হামলার কী ব্যবস্থা নেয় সেটা দেখার বিষয়। লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যায় এর আগে তদন্ত কমিটি গঠিত হলেও তা আলোর মুখ দেখেনি। দোষীরা শাস্তির আওতায় না আসায় প্রশাসনের রহস্যময় নীরব ভূমিকার কারণে প্রতিনিয়ত অনাকাঙ্ক্ষিত ঘটনা বেড়েই চলেছে।
শাহজালাল হলের প্রভোস্ট অধ্যাপক মো. কামরুল হাছান বলেন, “হলে র্যাগিংয়ের কোনো ঘটনা ঘটেনি। সহকারী প্রক্টর আমাকে না জানিয়ে হলে গেলে আমার সামনে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এ ঘটনার পেছনে ছাত্রলীগের নেতাকর্মীদের আগের ক্ষোভ থাকতে পারে।”
