কুমিল্লায় গাছ কাটার সময় করাতের আঘাতে শ্রমিক নিহত
ইলেকট্রিক করাতের আঘাতে মোস্তাকের গলার বেশিরভাগ অংশ কেটে যায় বলে জানান চিকিৎসক।
কুমিল্লার বুড়িচং উপজেলায় গাছ কাটার সময় ইলেকট্রিক করাতের আঘাতে এক শ্রমিক নিহত হয়েছেন।
শনিবার বেলা ১১টার দিকে উপজেলার জগতপুর পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বুড়িচং থানার ওসি মো. লুৎফুর রহমান।
নিহত মো. মোস্তাক মিয়া (৩৫) জগতপুর গ্রামের আবদুস ছামাদ মিয়ার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জগতপুর গ্রামের কনু মিয়া গাছ কাটার জন্য জসিম, সুমন ও মোস্তাককে চুক্তিভিত্তিক ভাড়া করে বিদ্যালয়ে নিয়ে যান। গাছ কাটার এক পর্যায়ে ইলেকট্রিক করাতের নিয়ন্ত্রণ হারালে মোস্তাকের গলায় আঘাত লাগে। এতে তার গলার বেশিরভাগ অংশ কেটে যায়।
তাৎক্ষণিক সহকর্মীরা তাকে উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মৃত্যু হয়।
বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. জাহিদ হাসান বলেন, মোস্তাকের গলার বেশিরভাগ অংশ কেটে যায়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
ওসি লুৎফুর রহমান বলেন, খবর পেয়ে হাসপাতালে গিয়ে লাশ উদ্ধার করা হয়। ঘটনাস্থল পরিদর্শন করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
