২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় ধাপে ভোটারদের উপস্থিতি বাড়বে: খুলনায় ইসি হাবিব

নির্বাচনের দিন সকালে সব কেন্দ্রে ব্যালট পেপার যাবে বলে জানান নির্বাচন কমিশনার।

দ্বিতীয় ধাপে ভোটারদের উপস্থিতি বাড়বে: খুলনায় ইসি হাবিব
খুলনার ডুমুরিয়ায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নির্বাচন কমিশনার আহসান হাবিব খান।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2024, 09:56 PM

Updated : 10 Sep 2026, 12:05 PM

দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে সবার সম্মিলিত প্রচেষ্টায় ভোটারদের উপস্থিতি বাড়বে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান।

তিনি বলেছেন, “এবার ভোটারদের উপস্থিতি বাড়বে। আমরা ভোটারদের উদ্বুদ্ধ করতে প্রচারণা চালাব। প্রার্থীদেরকেও ভোটার আনার ব্যাপারে উদ্বুদ্ধ করছি। তাদেরকে বলেছি, তারা যেন ভোটারদের বাধা না দেন।”

বুধবার সকালে খুলনার ডুমুরিয়া উপজেলায় শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে নির্বাচনি কর্মকর্তাদের সঙ্গে সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আহসান হাবিব বলেন, “নির্বাচনের দিন সকালে সব ভোটকেন্দ্রে ব্যালট পেপার যাবে। সত্য মিথ্যা যাই হোক আমরা যে দুর্নামের ভাগীদার হয়েছি, তা থেকে দায়মুক্তির জন্য এই কমিশনের অধীনে যত নির্বাচন হবে তাতে ব্যালট পেপার কেন্দ্রে যাবে সকালে।”

রিটার্নিং কর্মকর্তা ও খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক মো. নাজমুল হুসেইন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল আমিন।

এ ছাড়া খুলনার পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হুমায়ুন কবীর ও খুলনা জেলা নির্বাচন কর্মকর্তা ফারাজী বেনজির আহমেদ বক্তব্য দেন।

পরে বিকালে ইসি আহসান হাবিব খুলনা জেলা শিল্পকলা অ্যাকাডেমি অডিটোরিয়ামে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের উপস্থিতিতে প্রার্থীদের সঙ্গে আচরণবিধি নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় যোগ দেন।

দ্বিতীয় দফায় ২১ মে খুলনার ফুলতলা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলায় এবং তৃতীয় দফায় ২৯ মে ডুমুরিয়া, পাইকগাছা ও কয়রা উপজেলায় ভোটগ্রহণ হবে।