২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিচার বিভাগের সংস্কার না হলে কোনো সংস্কার টিকবে না: প্রধান বিচারপতি

দিনাজপুরের হাকিমপুরে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তিপ্রদান অনুষ্ঠানে এ কথা বলেন সৈয়দ রেফাত আহমেদ।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2025, 06:17 PM

Updated : 26 Aug 2026, 12:27 PM

বিচার বিভাগের সংস্কার না হলে কোনো সেক্টরের সংস্কার কার্যক্রম স্থায়ী হবে না বলে মনে করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

সোমবার বেলা ১১টায় দিনাজপুরের হাকিমপুর মহিলা কলেজের আয়োজনে ‘সৈয়দ জাফর আহমেদ ও তাবসেরুন্নেসা মেমোরিয়াল স্কলারশিপ ফান্ড’ এর অর্থায়ানে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তিপ্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

রেফাত আহমেদ বলেন, “আমি দায়িত্ব গ্রহণের পর বিচার বিভাগের অবকাঠামোগত ও সাংবিধানিক একটি সুদূর প্রসারী সংস্কারের প্রস্তাবনা জাতির সামনে তুলে ধরেছিলাম। 

“সেই সংস্কার প্রস্তাবনার অনেকটা আমাদের প্রাপ্তি হয়েছে। তবে আরও অনেক পথ অতিক্রম করতে হবে, এর মধ্যে কিছুটা দুর্গম পথ রয়েছে।”

সংস্কারের বার্তা পৌঁছে দেওয়ার জন্য দেশের প্রতিটি বিভাগে গিয়ে বিচারকদের সঙ্গে কথা বলা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি।

এর আগে সকালে প্রধান বিচারপতি কলেজে পৌঁছালে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দিনাজপুর জেলা ও হাকিমপুর উপজেলা প্রশাসন এবং কলেজ কর্তৃপক্ষ। পরে কলেজের সভাকক্ষে প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে সভা করেন তিনি। 

পরে কলেজের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ১০ শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি প্রদান করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

এ সময় সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঁইয়া, দিনাজপুরের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ আলমগীর কবির, দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম এবং পুলিশ সুপার মারুফাত হোসাইন উপস্থিত ছিলেন।