১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

রাজবাড়ীতে লাইনচ্যুত মালবাহী ট্রেন ৩ ঘণ্টা পর উদ্ধার

তিন ঘণ্টা লাইন বন্ধ থাকায় দুটি ট্রেন বিলম্বিত হয়েছে বলে জানিয়েছেন রাজবাড়ীর স্টেশন মাস্টার।

রাজবাড়ীতে লাইনচ্যুত মালবাহী ট্রেন ৩ ঘণ্টা পর উদ্ধার
রাজবাড়ী শহরের ২ নম্বর রেলগেট এলাকায় মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2025, 07:17 PM

Updated : 10 Sep 2026, 02:57 PM

রাজবাড়ীতে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার তিন ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। এতে ঢাকার সঙ্গে রাজবাড়ী-খুলনা রুটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। 

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে রাজবাড়ী শহরের ২ নম্বর রেলগেট এলাকায় মালবাহী ট্রেনের বগিটি লাইনচ্যুত হয় বলে জানিয়েছেন রাজবাড়ী রেলস্টেশনের স্টেশন মাস্টার তন্ময় কুমার দত্ত। 

এতে `মেইন লাইন ব্লক হয়ে যাওয়ায়' রাজবাড়ীর সঙ্গে ঢাকা, দৌলতদিয়া, খুলনা রুটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। 

স্টেশন মাস্টার তন্ময় বলেন, খুলনা থেকে ছেড়ে আসা মালবাহী ট্রেনটি (স্টোর ভ্যানটি) সকালে রাজবাড়ীর ২ নম্বর রেলগেট এলাকার ক্যারেজ অ্যান্ড ওয়াগন ডিপোতে (সিক লাইন) ঢোকার সময় লাইনচ্যুত হয়। পরে ১০টা ৩০ মিনিটে ট্রেনটি উদ্ধার করা হয়।

তিন ঘণ্টা লাইন বন্ধ থাকায় দুটি ট্রেন বিলম্বিত হয়েছে জানিয়ে  স্টেশন মাস্টার বলেন, “দৌলতদিয়া ঘাট থেকে পোড়াদহগামী শাটল ট্রেনটি প্রতিদিন সকাল ৮টায় রাজবাড়ী স্টেশন থেকে পোড়াদহের উদ্দেশ্যে ছেড়ে যায়।  সেই ট্রেনটি রাজবাড়ী স্টেশনের আগে পাচুরিয়া স্টেশনে থেমে থাকতে হয়েছে। পরে লাইন ঠিক হলে বেলা পৌনে ১২টার দিকে ট্রেনটি রাজবাড়ী স্টেশন ছেড়ে গেছে।” 

এ ছাড়া ভাঙা থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়া ট্রেনটিও বিলম্বিত হয়েছে। ট্রেনটি বেলা ১২টার দিকে রাজবাড়ী এসে পৌঁছাবে।  

আর ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেসসহ বাকি ট্রেনগুলোর শিডিউলে কোনো সমস্যা হয়নি বলে জানান এই রেল কর্মকর্তা। 

স্টেশন মাস্টার তন্ময় কুমার দত্ত বলেন, মালবাহী ট্রেনের বগিটি কেন লাইনচ্যুত হয়েছে, সেই কারণ এখনো জানা যায়নি।