২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে এসএসসি পরীক্ষার হলে ফ্যান পড়ে ২ পরীক্ষার্থী আহত

শৈলকুপা উপজেলার শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষা চলাকালে এ দুর্ঘটনা ঘটে।

ঝিনাইদহে এসএসসি পরীক্ষার হলে ফ্যান পড়ে ২ পরীক্ষার্থী আহত

ফাইল ছবি

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2022, 08:45 PM

Updated : 15 Sep 2022, 09:30 PM

ঝিনাইদহে একটি ‘পরিত্যক্ত’ ভবনে এসএসসি পরীক্ষা চলাকালে ফ্যান খুলে পড়ে দুই পরীক্ষার্থী আহত হয়েছেন।

কেন্দ্র কর্তৃপক্ষ জানায়, প্রাথমিক চিকিৎসা শেষে অতিরিক্ত সময় বরাদ্দে একজন বাকি পরীক্ষা দিতে পারলেও আরেকজন অসুস্থ থাকায় পরীক্ষা দিতে পারেননি।

শৈলকুপা উপজেলার শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার এসএসসি পরীক্ষা চলাকালে এ দুর্ঘটনা ঘটে বলে শেখপাড়া রাহাতন নেছা স্কুল অ্যান্ড কলেজের কেন্দ্র সচিব মাসুদ করিম জানান।

আহতরা হলেন ইসলামি বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের রাকিবুল ইসলাম ও রাহাতুন্নেসা স্কুল এন্ড কলেজের শানজাহান ইয়াসমীন।

কেন্দ্র সচিব মাসুদ করিম বলেন, তার কেন্দ্রের অধীনে শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনে পৃথক ভেন্যু করা হয়। পরীক্ষা শেষ হওয়ার ২০ মিনিট আগে একটি ফ্যান খুলে পড়লে দুই শিক্ষার্থী আহত হন।

“পরে ইসলামি বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে এসে শানজাহান ইয়াসমীন অতিরিক্ত সময়ে পরীক্ষা দিয়েছেন।”

তিনি বলেন, তবে অসুস্থ থাকায় রাকিবুল ইসলাম আর পরীক্ষা দিতে পারেননি। রাকিবুল এখন বাড়িতে আছেন। 

রাকিবুলের এক সহপাঠী জানান, “পরীক্ষার প্রথম দিন ছিল আজ। হঠাৎ করে কক্ষটির একটি ফ্যান খসে পড়ে। এতে আহত হয়ে তার ঘণ্টাখানেক সময় নষ্ট হয়েছে। মাথায় গুরুতর আঘাত লেগেছে।”

এ বিষয়ে ওই বিদ্যালয়টির প্রধান শিক্ষক মোছা. লেচপাতি খাতুন বলেন, “পরিত্যক্ত ভবনে কী কারণে পরীক্ষার কেন্দ্র করা হয় তা তার বোধগম্য নয়।”

এদিকে শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বনি আমিন জানান, পরের পরীক্ষাগুলো অন্য কক্ষে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।