২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে খড়ের গাদায় লাগা আগুনে পুড়লো বাড়ি, গোডাউন, গ্যারেজ

ভাড়াটিয়াসহ নিজের শুধু পরনের কাপড় ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই বলে জানিয়েছেন বাড়ির মালিক।

গাজীপুরে খড়ের গাদায় লাগা আগুনে পুড়লো বাড়ি, গোডাউন, গ্যারেজ

পুড়ে যাওয়া বাড়ি

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2023, 01:43 PM

Updated : 27 Jan 2023, 01:43 PM

গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর হাতিমারা এলাকায় একটি খড়ের গাদায় লাগা আগুন ছড়িয়ে পড়ে বসতবাড়ির ২২টি কক্ষ, একটি ঝুটের গোডাউন ও একটি অটোরিকশার গ্যারেজ পুড়ে গেছে।

শুক্রবার ভোর ৪টায় দিকে মাত্র এক ঘণ্টার আগুনে এমন ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ডিবিএল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা মিরাজুল ইসলাম।

পুড়ে যাওয়া বাড়ির মালিক মজিবুর রহমান জানান, রাত ৪টার দিকে বাসার পাশে একটি খড়ের গাদায় প্রথমে আগুন লাগে। ওই আগুন মুহূর্তের মধ্যে তার বসতবাড়িতে ছড়িয়ে যায়। পরে জাকির হোসেনের ঝুট গোডাউন এবং এরশাদের অটোগ্যারেজেও আগুন ছড়িয়ে পড়ে।

তাদের চিৎকারে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করলেও ততক্ষণে ২২টি রুম, অটোরিকশা গ্যারেজ, ঝুট গোডাউনসহ সবকিছু পুড়ে যায়।

মজিবুর রহমান বলেন, “আমার ২২টি রুমেই ভাড়াটিয়া ছিল। তাদের ঘরে থাকা সবকিছু পুড়ে গেছে। কেউ কিছু বের করতে পারেনি। কারখানা শ্রমিক এসব ভাড়াটিয়াসহ আমার শুধু পরনের কাপড় ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। ”

আগুনে নগদ ২০ লাখ টাকা পুড়ে গেছে দাবি করে তিনি বলেন, “আমি গত সপ্তাহে জমি কেনার জন্য সিটি ব্যাংক থেকে সাত লাখ টাকা ঋণ নিয়েছিলাম, সেই টাকাসহ ২০ লাখ টাকা পুড়ে গেছে। “

ফায়ার সার্ভিসের কর্মকর্তা মিরাজুল ইসলাম বলেন, “আগুনের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই। আমাদের ফায়ার ইউনিট ভোর সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণে এখনো জানা যায়নি। ”

আগুনে বেশ ক্ষয়ক্ষতি হলেও তার সঠিক পরিমাণ কত এটা জানা যায়নি বলে জানান এই কর্মকর্তা।