২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের ওপর হামলা

“রাতে বন্ধুদের সঙ্গে একটি রেস্টুরেন্টে খেয়ে কর্মসূচি নিয়ে কথা বলছিলাম। এ সময় ১০-১৫ জন যুবক আমাকে এলোপাতাড়ি মারধর করতে থাকে।”

সুনামগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2024, 04:37 PM

Updated : 26 Aug 2026, 10:17 AM

সুনামগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া এক শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।  

শহরের প্রিয়াঙ্গন কমিউনিটি সেন্টার এলাকার প্রধান সড়কে শনিবার রাত সাড়ে ৮টায় ইমনোদ্দোজা আহমেদের ওপর এ হামলা হয় বলে সুনামগঞ্জ সদর থানার ওসি আব্দুল আহাদ জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, এমব্রোশিয়া নামের একটি রেস্তোরাঁয় খেয়ে ইমনোদ্দোজা ও তার বন্ধুরা নিচে দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় ১০-১৫ জন যুবক হঠাৎ করে তাকে মারধর শুরু করে। তারা তার মোটরসাইকেলটিও ফেলে দেয়।

ইমনদ্দোজা বলেন, “আমি শুরু থেকেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজপথে সাধারণ ছাত্রদের নিয়ে আন্দোলন করছি। শনিবার রাতে বন্ধুদের সঙ্গে একটি রেস্টুরেন্টে খেয়ে কর্মসূচি নিয়ে কথা বলছিলাম। এ সময় ১০-১৫ জন যুবক আমার নাম জিজ্ঞেস করে।

“এরপর তারা আমাকে এলোপাতাড়ি মারধর করতে থাকে। তারা মারতে মারতে আরেকটি স্থানে নিয়ে আসে। তখন স্থানীয়রা আমাকে উদ্ধার করে।”

এ ঘটনার প্রত্যক্ষদর্শী মিঠু বলেন, “১০-১৫ জন ইমন ভাইর ওপর হামলা করে। পরে আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে থানায় গিয়ে লিখিত অভিযোগ দিয়েছি।”

ওসি আব্দুল আহাদ বলেন, “শিক্ষার্থীর ওপর হামলার ঘটনা ঘটেছে, খবর পেয়ে আমরা তাৎক্ষণিক পুলিশ পাঠাই। রাতেই আহত শিক্ষার্থী একটি অভিযোগ দিয়েছেন।

“তবে এই অভিযোগটি চূড়ান্ত করে আবারও দিবেন বলে আহত শিক্ষার্থী ও তার বন্ধুরা জানিয়েছেন।”