ক্যানসার নিয়েও এসএসসিতে জিপিএ ৫ পেল মাহাথির
তার স্বপ্ন পড়াশোনা করে চিকিৎসক হওয়ার।
ক্যানসার নিয়েও এসএসসিতে জিপিএ ৫ পেল বরিশাল জিলা স্কুলের এক পরীক্ষার্থী।
ক্যানসার আক্রান্ত হয়ে শিক্ষা জীবন থেকে মাহাথির রহমান নামে ওই শিক্ষার্থীর দুই বছর হারিয়ে গেলেও এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে সে। এতে মাহাথিরের সঙ্গে পুরো পরিবারই খুশি।
নগরীর ১৮ নম্বর ওয়ার্ড মুন্সির গ্যারেজ এলাকার বাসিন্দা সংযুক্ত আরব আমিরাত প্রবাসী মফিজুর রহমান জামাল ও হোসনে আরা পলিন দম্পতির ছেলে মাহাথির রহমান।
জমজ দুই ভাইয়ের অপরজন মাকতুম রহমান বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ থেকে এ বছর এইচএসসি দেবে।
দুই ভাইয়ের একইসঙ্গে এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। সে জন্য ফরম পূরণ করলেও অসুস্থতার কারণে মাহাথির তখন পরীক্ষায় অংশ নিতে পারেনি। এ সময় তার ও ভাই মাকতুম রহমানের খারাপ লেগে ছিল। কিন্তু করার কিছু ছিল না। মাকতুম জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়।
মাহাথির রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানায়, ২০১৮ সালে সপ্তম শ্রেণিতে পড়াকালীন মায়ের সঙ্গে বিপণিবিতানে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে সে। চিকিৎসকের কাছে গেলে জানতে পারে ব্লাড ক্যানসার বাসা বেঁধেছে তার শরীরে।
তার অসুস্থতার খবর শুনে দেশে ফিরে আসেন বাবা। ভারতে একটানা ৬ মাস চিকিৎসা করান। কোভিডের সময় তিনমাস পর পর আসা-যাওয়া করতে অনেক সমস্যা হয়। তখন সুস্থ হয়েও ২০২২ সালে আবার অসুস্থ হয়ে পড়ে মাহাথির।
মাহাথির জানায়, ২০২২ সালের ২৪ ডিসেম্বর ঢাকার এভার কেয়ার হাসপাতালে তার বোনম্যারো ট্রান্সপ্লান্ট হয়েছে। জমজ ভাই মাকতুম রহমান তাকে স্টেমসেল দিয়েছে। এখন ভালো থাকলেও চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছে সে।
অসুস্থ হলেও পরিবার সব সময় তাকে সাহস দিয়েছে। কখনো তারা বুঝতে দেয়নি সে অসুস্থ। পরিবার ও শিক্ষকরা সব সময় তার পাশে ছিল। তাদের উৎসাহে মনোবল ভেঙে পড়েনি। তাদের দেওয়া সাহস ও নিজের ওপর আস্থা ভালো ফল অর্জনে সহায়তা করেছে।
গোল্ডেন এ প্লাস পাওয়ায় তার ইচ্ছে ঢাকা নটরডেম কলেজে পড়াশোনা করা। সুযোগ পেলে সেখানে পড়বে। নয়তো ঢাকার ভালো কোনো কলেজে পড়ার চেষ্টা করবে।
ভবিষ্যতে চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখছে জানিয়ে মাহাথির বলে, “আমি তো একজন অসুস্থ রোগী। তাই চিকিৎসক হয়ে মানুষকে সেবা করতে চাই।”
তার বাবা মফিজুর রহমান জামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছেলে ভালো ফল করেছে বলে আমরা খুশি। ভবিষ্যতে সে ডাক্তার হতে চায়। সাধ্য অনুযায়ী চেষ্টা করব তাকে ডাক্তার বানানোর।”
বরিশাল জিলা স্কুলের প্রধান শিক্ষিকা পাপিয়া জেসমিন বলেন, ক্যানসারের মত এমন মরণব্যাধি নিয়েও এসএসসি পরীক্ষায় মাহাথিরের এমন সাফল্যে আমরা সবাই খুশি।”
যে কোনো প্রয়োজনে মাহাথিরের পাশে থাকার কথাও জানান তিনি।
