২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোটা: শাবিতে ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ, স্মারকলিপি

বিশ্ববিদ্যালয়ে প্রক্টর বলেন, “স্মারকলিপি দিতে শিক্ষার্থীদের একজন আমাকে কল দিয়েছিল।”

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2024, 10:16 PM

Updated : 26 Aug 2026, 10:00 AM

মধ্যরাতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে।

সোমবার দুপুর ১২টার দিকে ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করেন কোটা সংস্কার আন্দোলনকারীরা।  

শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবির পাশাপাশি ছাত্রলীগের হামলার বিচার দাবি করেন।

বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া কয়েকজন শিক্ষার্থী জানান, রোববার মধ্যরাতে কোটা সংস্কারে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করেন তারা। এ জন্য বেলা ১১টা থেকে ক্যাম্পাসে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। পরে শতাধিক শিক্ষার্থী মিছিল নিয়ে আবাসিক ছাত্রী হলের দিকে যান। মিছিলটি দুপুর পৌনে ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে গিয়ে আধাঘণ্টা অবস্থান করে।

সেখানে ছাত্রলীগের হামলার প্রতিবাদ ও কোটা সংস্কারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা। পরে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন। 

কর্মসূচি থেকে ‘আমার ভাইয়ের ওপর হামলা কেন/ প্রশাসন জবাব চাই’, ‘দালালি না রাজপথ/রাজপথ রাজপথ,’ ‘চাইতে গেলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’, ‘তুমি কে আমি কে/ রাজাকার, রাজাকার’, সাস্টিয়ান সাস্টিয়ান, এক হও লড়াই করো ‘মেধা না কোটা/মেধা মেধা’সহ বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা।

সংক্ষিপ্ত সমাবেশে কোটা সংস্কার আন্দোলনের শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব বলেন, “প্রধানমন্ত্রীর লজ্জাজনক বক্তব্যের পর শত শত নারী শিক্ষার্থীসহ হাজারো শিক্ষার্থী নিয়ে আমরা যখন গ্রন্থাগার ভবনের সামনে যাই, তখন ছাত্রলীগ আমাদের বোনদের ওপর হামলা করতে আসে। তখন এগিয়ে গেলে আমাদের ওপর ছাত্রলীগ সন্ত্রাসী হামলা চালায়। এতে আমাদের অনেকেই আহত হন। এ ঘটনার প্রতিবাদে ও কোটা সংস্কারের দাবিতে আমরা আজ বিক্ষোভ মিছিল করেছি।”

মধ্যরাতে ছাত্রলীগের হামলার ঘটনায় শিক্ষার্থীদের পক্ষে প্রক্টর বরাবর স্মারকলিপি দেন আসাদুল্লাহ আল গালিব ও অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সুইটি আক্তার। 

বিশ্ববিদ্যালয়ে প্রক্টর মো. কামরুজ্জামান চৌধুরী বলেন, “স্মারকলিপি দিতে শিক্ষার্থীদের একজন আমাকে কল দিয়েছিল। স্মারকলিপিটি অফিসে দিতে বলেছি; পরে গিয়ে দেখব।”

এদিকে, বিকাল ৪টার দিকে ক্যাম্পাসে মিছিল করেছেন শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। বাঙালির মহান মুক্তিযুদ্ধকে কটাক্ষ, একাত্তরের ঘৃণিত রাজাকারদের প্রতি সাফাই ও আন্দোলনের নামে অস্থিতিশীলতা তৈরির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ’ ব্যানারে এ কর্মসূচি পালন করেন তারা।