২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে প্রশিক্ষণের সময় এএসআইয়ের মৃত্যু

খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2025, 02:22 PM

Updated : 26 Aug 2026, 01:18 PM

খাগড়াছড়িতে প্রশিক্ষণের সময় এক সহকারী উপ-পরিদর্শকের (এএসআইয়ের) মৃত্যুর খবর পাওয়া গেছে।

বুধবার সকাল ৬টার দিকে খাগড়াছড়ি এপিবিএন এবং বিশেষায়িত ট্রেনিং সেন্টারে (এএসটিসি) এ ঘটনা ঘটে বলে খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানান। 

মৃত মো. মোতালেব হোসেন (৩১) ময়মনসিংহ শিল্প পুলিশে কর্মরত ছিলেন। 

ছয় সপ্তাহের সেকশন লিডার কোর্সে (এসএলসি) অংশ নিতে খাগড়াছড়ি এসেছিলেন তিনি। তার বাড়ি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায়; বাবা তোফাজ্জল হোসেন।    

পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বলেন, “সকালে বিশেষায়িত ট্রেনিং সেন্টারে সেকশন লিডার কোর্স-এসএলসির ট্রেনিং চলছিল। এ সময় এএসআই মোতালেব হোসেন পিটিতে অংশগ্রহণ করে অসুস্থ হয়ে পড়েন। 

“তাকে তাৎক্ষণিকভাবে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।” 

এ বিষয়ে পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।