Published : 15 Feb 2026, 02:11 PM
চাঁপাইনবাবগঞ্জ সদরে ‘ককটেল বানানোর সময়’ বিস্ফোরণে দুজন নিহতের ঘটনায় বিস্ফোরক আইনে মামলা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রাতে সদর থানার এসআই বেলাল হোসেন বাদী হয়ে মামলাটি করেন বলে জানিয়েছেন থানার ওসি নূরে আলম।
মামলায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৮–১০ জনকে আসামি করা হয়েছে।
শনিবার ভোর ৫টার দিকে চরবাগডাঙ্গা ইউপির ফাটাপাড়া গ্রামের স্থানীয় কালামের বাড়িতে বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে তীব্রতায় ওই বাড়ির ইটের দেয়াল ধসে যায়, উড়ে যায় টিনের চাল।
এতে ঘটনাস্থলেই জিহাদ আলী ও আল আমিন নিহত হন। আহত হন ফাটাপাড়া গ্রামের বজলুর রহমান (২০) ও মিনহাজ (৫২) এবং রাণীহাটির রামচন্দ্রপুর এলাকার ধুমি গ্রামের মো. শুভ (২০)।
মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, বিস্ফোরণে আহত তিনজনকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ পুলিশি নজরদারিতে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এছাড়া ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে শনিবার রাত দেড়টার দিকে চরবাগডাঙ্গা এলাকা থেকে মো. ইউসুফ (৪৫) ও মো. শাকিলকে (৩৭) গ্রেপ্তার করা হয়েছে।
তবে গ্রেপ্তারদের রাজনৈতিক পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
এছাড়া মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।
আগের সংবাদ
চাঁপাইনবাবগঞ্জে 'ককটেল বানানোর সময়' বিস্ফোরণে ২ জন নিহত, আহত ৩