টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে ‘গণপিটুনিতে’ ২ যুবক নিহত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাসে ছিনতাইয়ের চেষ্টার সময় স্থানীয়রা তাদের আটক করে পিটুনি দেয় বলে জানায় পুলিশ।
গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুই যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান টঙ্গী পূর্ব থানার ওসি রাফিউর করিম।
তবে তাৎক্ষণিক দুজনের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। তাদের বয়স আনুমানিক ৩৫ বছর। পরে দুজনের মৃতদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় অজ্ঞাত পরিচয় দুই যুবক টঙ্গী বাজার এলাকার একটি ফিলিং স্টেশনের সামনের সড়কে বাসে ছিনতাইয়ের চেষ্টা করেন। এ সময় স্থানীয়রা তাদের আটক করে গণপিটুনি দেন। এতে ঘটনাস্থলেই তারা মারা যান।
খবর পেয়ে পুলিশ দুজনের লাশ উদ্ধার করে। ওসি রাফিউর করিম বলেন, “ছিনতাইকারী সন্দেহে পিটুনিতে তাদের মৃত্যু হয়েছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় একটি মামলা করা হবে।”
