কুড়িগ্রামে খুঁটি বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু
ঘোগাদহ বাজারে এ দুর্ঘটনা ঘটে বলে সদর থানার ওসি জাহাঙ্গীর আলম জানান।
কুড়িগ্রাম সদর উপজেলায় খুঁটি বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু হয়েছে; আহত হয়েছেন তিনজন।
উপজেলার ঘোগাদহ ইউনিয়নের ঘোগাদহ বাজারে সোমবার বিকালে এ দুর্ঘটনা ঘটে বলে সদর থানার ওসি জাহাঙ্গীর আলম জানান।
নিহতরা হলেন- উপজেলার হলোখানা ইউনিয়নের বাসিন্দা মিজানুর রহমান এবং ঘোগাদহ ইউনিয়নের প্রথম আলো চর এলাকার উমেদ আলী।
ঘোগাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক বলেন, ল্যাম্পপোস্টের খুঁটি স্থাপনের সময় অসাবধানতাবশত সেটি পাশের বৈদ্যুতিক তারকে স্পর্শ করে। এতে পাঁচজন আহত হন।
তাদের কুড়িগ্রাম সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আহত অপর তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ওসি জাহাঙ্গীর আলম বলেন, “নিহত দুজন ইলেকট্রিশিয়ান বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।”
