২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে ২৪ হাজারে বিক্রি হল ২২ কেজির বাঘাইড়

চলতি বছরের জানুয়ারিতে বাঘাইড় মাছকে বিপন্ন প্রাণী হিসেবে তালিকাভুক্ত করা হয়।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2022, 03:23 PM

Updated : 01 Aug 2022, 08:58 PM

মানিকগঞ্জের পদ্মা নদীতে ২২ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়ার পর ২৪ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

হরিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাইফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার রাতে স্থানীয় জেলেদের জালে বাঘাইড় মাছটি ধরা পড়ে।

পরে জেলেরা হরিরামপুর ও শিবালয় উপজেলার সীমান্তবর্তী মালুচি বাজারে মাছটি নিয়ে আসেন। সেখান থেকে মাছটি কিনে মৎস্য ব্যবসায়ী মানিক হালদার পঁচা সোমবার সকালে উপজেলার ঝিটকা বাজারে বিক্রি করতে আনেন।

ঝিটকা বাজারের ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সেন্টু বলেন, “এই বাজারে মাঝে মাঝেই বাঘাইড়, কাতল, চিতল, পাঙাসসহ বড় মাছ বিক্রির জন্য জেলেরা নিয়ে আসেন।

“সোমবার মাছ বাজারের ব্যবসায়ী মানিক হালদার বাঘাইড় মাছটি বিক্রির জন্য নিয়ে আসেন। পরে মাছটি ১১শ’ টাকা দরে ২৪ হাজার ২শ’ টাকায় বিক্রি হয়।”

মৎস্য কর্মকর্তা সাইফুর বলেন, পদ্মায় বোয়াল, কাতল, চিতল, আইড়সহ অনেক বড় মাছ ধরা পড়ছে। কেননা মাছের প্রজননের একটা জায়গা হরিরামপুরের পদ্মা। তবে চলতি বছরের জানুয়ারিতে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয় বণ্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের তফসিলে বাঘাইড় মাছকে বিপন্ন প্রাণী হিসেবে তালিকাভুক্ত করা হয়।

আইন অনুযায়ী বিপন্ন প্রাণী ধরা বা কেনাবেচা দণ্ডণীয় অপরাধ। এ অপরাধে সর্বোচ্চ এক বছর কারাদণ্ড অথবা ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে বলে জানান তিনি।