নারায়ণগঞ্জে ‘পুরোনো দ্বন্দ্বের জেরে’ যুবক খুন
এর আগে বেলা ১১টার দিকে বাড়ির সামনে তাকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে প্রতিপক্ষ৷
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পুরোনো দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের হামলায় যুবক খুন হয়েছেন।
শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার মদনপুর ইউনিয়নের মুরাদপুর গ্রামে বাড়ির সামনে তাকে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়৷
পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দুইটার দিকে তার মৃত্যু হয় বলে জানান বন্দর থানার ওসি গোলাম মোস্তফা৷
নিহত মো. মনিরুজ্জামান ওরফে মনির মুরাদপুর গ্রামের বাসিন্দা হলেও গাজীপুরের কাপাসিয়ায় শ্বশুরবাড়িতেই বেশি সময় থাকতেন বলে জানান তার স্ত্রী সাবিনা আক্তার।
পুলিশ ও স্থানীয়রা জানান, পরিবহন খাতে চাঁদাবাজি ও স্থানীয়ভাবে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মনিরুজ্জামান ও তার পরিবারের সঙ্গে স্থানীয় একটি সন্ত্রাসী বাহিনীর পুরোনো দ্বন্দ্ব রয়েছে৷
মনিরের ভাই কামরুজ্জামান ওরফে কামুও (মৃত) এক সময় একটি সন্ত্রাসী বাহিনীর নেতৃত্ব দিতেন৷
কামুর স্বাভাবিক মৃত্যু হলেও দ্বন্দ্বের জেরে মনির ছাড়াও তার মা ও অন্য দুই ভাই বিভিন্ন সময় প্রতিপক্ষের হাতে খুন হন৷
নিহত মনিরুজ্জামানের স্ত্রী সাবিনা আক্তার বলেন, “বিয়ের পর থেকে কাপাসিয়ায় শ্বশুরবাড়িতেই বেশি সময় থাকতেন মনির৷ সে কাঁচপুরে এক আত্মীয়ের মৃত্যুর কারণে বাড়ি এসেছিল৷”
বিষয়টি জানতে পেরে প্রতিপক্ষ তার স্বামীকে কুপিয়ে হত্যা করেছে দাবি করে তিনি এ হত্যার বিচার চান৷”
বন্দর থানার ওসি গোলাম মোস্তফা বলেন, “পুরোনো শত্রুতার জেরে এ খুন হয়েছে৷ নিহত ব্যক্তির বিরুদ্ধেও অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে৷ আমরা এ খুনের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনব৷”
তবে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে জানিয়ে ওসি বলেন, “একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।”
