পাওনা টাকা চাওয়ার পর ‘ঘুষিতে’ যুবকের মৃত্যু
মামলার পাঁচ ঘণ্টা পর গ্রেপ্তার হয়েছে আসামি; তিনি সম্পর্কে প্রাণ হারানো আল মামুনের ভায়রা ভাই।
গাজীপুরে পাওনা টাকা চাওয়ার পর বাদানুবাদের এক পর্যায়ে উপর্যুপুরি ঘুষিতে এক যুবকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মামলার পর পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার রাতে মামলাটি হলে শুক্রবার পুলিশ গ্রেপ্তার করে মো. আলমগীর নামে ওই আসামিকে। শনিবার তাকে কারাগারে পাঠায় আদালত।
যিনি মারা গেছেন, তার আল মামুন, তিনি সম্পর্কে আলমগীরের ভায়রা ভাই। মামুনের বাড়ি নেত্রকোনা সদর উপজেলার মইনপুর এলাকায়। আলমগীরের বাড়ি একই জেলার কলমাকান্দা উপজেলার পলাশহাটি এলাকায়।
মহানগর পুলিশের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মামুন তার স্ত্রী সন্তানকে নিয়ে ৬ বছর ধরে গাজীপুর মহানগরের বাসন থানার মোগরখাল এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন। তিনি আলমগীরের কাছ থেকে তিনি ৫০ হাজার টাকা পেতেন। টাকা না দেওয়ায় তাদের মধ্যে মনোমালিন্য দেখা দেয়।
মামুন ও তার স্ত্রী বৃহস্পতিবার দুপুরের খাবার খেয়ে নিজেদের কর্মস্থলে রওনা দেন। পথে মোগরখাল এলাকায় আলমগীরের সঙ্গে তাদের দেখা হয়।
মামুন টাকা চাইলে আলমগীর তাকে গালাগাল করতে থাকেন। ঝগড়া বাধলে এক পর্যায়ে তিনি মামুনের বুকে এলোপাতাড়ি ঘুষি মারতে থাকেন।
মামলায় বলা হয়, আঘাতে মামুন অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তখন স্থানীয়দের সহায়তায় তার স্ত্রী তাকে অচেতন অবস্থায় শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এরপর মামুনের ভাই মাহবুব আলম ইমন মামলা করেন। এতে একমাত্র আসামি হিসেবে আলমগীরের নাম উল্লেখ করা হয়।
বাসন থানার ওসি সানোয়ার জাহান বলেন, “আলমগীর আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।”
