২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

২০১৩ সালের ২১ আগস্ট স্ত্রীর গলায় শাড়ি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন ওসমান গনি।

নাটোরে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

নাটোর আদালত প্রাঙ্গণে দণ্ডপ্রাপ্ত আসামি মো. ওসমান গনি।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2023, 02:25 PM

Updated : 10 Oct 2023, 02:25 PM

নাটোরের নলডাঙ্গায় যৌতুক দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে ১০ বছর পর একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নাটোর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় দিয়েছেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আনিসুর রহমান।

দণ্ডপ্রাপ্ত মো. ওসমান গনি (৬২) নলডাঙ্গার বাসুদেবপুর এলাকার প্রয়াত ইসমাইল মৃধার ছেলে।

মামলার নথির বরাতে আনিসুর রহমান বলেন, বিয়ের পর থেকেই স্ত্রী রোকেয়া বেগমকে যৌতুকের দাবিতে শারীরিক ও মানসিক নির্যাতন করত ওসমান গনি। কিন্তু বাবার আর্থিক অস্বচ্ছলতা থাকায় পাঁচ হাজার টাকা এনে দেওয়ার পরে আর টাকা দিতে পারেননি রোকেয়া। 

এর জেরে ২০১৩ সালের ২১ আগস্ট রোকেয়া বেগম বাবার বাড়ি থেকে ৫০ হাজার টাকা এনে দিতে না পারায় ক্ষিপ্ত হয়ে তার গলায় শাড়ি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন ওসমান গনি।

এ ঘটনায় নিহতের বড় ভাই মো. একাব্বর হোসেন নলডাঙ্গা থানায় বাদী হয়ে মামলা করেন। সেই সাক্ষ্য প্রমাণ শেষে দোষী সাব্যস্ত হওয়ায় আদালত ওসমান গনিকে মৃত্যুদণ্ড এবং ৩০ হাজার টাকা জরিমানা করেছেন।

আদালতের এ রায়ে সন্তুষ্টির কথা জানিয়ে সরকারি ওই কৌঁসুলি আরও জানান, জরিমানার টাকা নিহতের ভাই ও মামলার বাদীকে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।