বরিশালে বাসচাপায় বৃদ্ধার মৃত্যু
ওই বৃদ্ধা রাস্তা পার হওয়ার সময় বাসটি তাকে চাপা দেয়।
বরিশালের গৌরনদী উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, রোববার সকাল ৯টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের উপজেলার কাছেমাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
৬৫ বছর বয়সি নিহত রোকেয়া বেগম ওই গ্রামের আলতাফ ফকিরের স্ত্রী।
স্থানীয়দের বরাত দিয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা বিপুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মহাড়কের কাছেমাবাদ গ্রামের হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকার বাসিন্দা ওই বৃদ্ধা রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে বরিশালগামী শ্যামলী পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে বৃদ্ধার শরীর থেঁতলে যায়।
তিনি আরও বলেন, লাশ উদ্ধার করে মহাসড়ক পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঘটনার পর ওই সড়কে আধাঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। লাশ উদ্ধারের পর চলাচল স্বাভাবিক হয়েছে।
বৃদ্ধাকে চাপা দেওয়া বাসটি আটক করা যায়নি জানিয়ে ওই মহাসড়ক থানার এসআই তমাল সরকার বলেন, নিহতের স্বজনরা অভিযোগ করলে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।
