২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরিষাবাড়ীতে নারী গ্রাহককে প্রকৌশলীর হয়রানির অভিযোগ

গৃহবধূর অভিযোগ, প্রকৌশলী সাইফুল ইসলাম লোকজন নিয়ে ওই নারীর বাসায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন এবং ওই সময় বাসার মালামাল তছনছ করেন।

সরিষাবাড়ীতে নারী গ্রাহককে প্রকৌশলীর হয়রানির অভিযোগ

ওই নারীর বাসায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তল্লাশি চালানো হয়; ওই সময় বাসার জিনিসপত্র তছনছ করা হয় বলে অভিযোগ।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2022, 11:22 AM

Updated : 26 Aug 2022, 04:14 PM

জামালপুরের সরিষাবাড়ীতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের দুই প্রকৌশলীর বিরুদ্ধে এক নারী গ্রাহককে হয়রানিসহ নগদ টাকা ও স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

এই অভিযোগে নির্বাহী প্রকৌশলী আবু বকর তালুকদার ও সহকারী প্রকৌশলী সাইফুল ইসলামসহ ৮/১০ জন কর্মচারীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন ওই নারী গ্রাহক।

সরিষাবাড়ী পৌরসভার শিমলাবাজার এলাকার এক সৌদি আরব প্রবাসীর স্ত্রীর অভিযোগ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) কার্যালয়ের কাছেই দুই শিশুকন্যা নিয়ে নিজ বাসায় থাকেন তিনি। ওই বাসায় একাধিক ভাড়াটিয়াও থাকায় তিনটি বৈধ বিদ্যুৎ সংযোগে তিনটি প্রিপেইড মিটার রয়েছে।

অভিযোগে তিনি বলেন, বুধবার (২৪ অগাস্ট) তার বাসার একটি প্রিপেইড মিটারে টাকা রিচার্জ করতে বিউবো অফিসে গিয়ে জানতে পারেন তার মিটারকে পোস্ট পেইড করে দেওয়া হয়েছে।

তিনি বলেন, পরে তিনি বিষয়টি সংশোধনের জন্য নির্বাহী প্রকৌশলীর কাছে আবেদন করেন। পরবর্তীতে নির্বাহী প্রকৌশলী ওই আবেদনের রিসিভড কপি ফেরৎ চান। তা না পেয়ে বুধবার রাতে সরিষাবাড়ী বিউবোর নির্বাহী প্রকৌশলী আবু বকর তালুকদারের নির্দেশে সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম লোকজন নিয়ে ওই বাসায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তল্লাশি চালান। এতে ওই বাসার জিনিসপত্র তছনছ হয়ে যায়।

অভিযোগে বলা হয়, এসব দেখে মাহফুজা আক্তারের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের লোকজন চলে যায়। বাসার ভেতর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের লোকজন যখন তছনছ করছিল তখন নির্বাহী প্রকৌশলী বাসার বাইরে দাঁড়িয়ে ছিলেন।

Image

জামালপুরের সরিষাবাড়ীতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়

২৫ বছর বয়সী এই গৃহবধূ বলেন, পরে তার কক্ষে খোঁজ নিয়ে দেখতে পান তার শোকেসের ড্রয়ারে রাখা নগদ ৮০ হাজার টাকা ও তিন ভরি ওজনের স্বর্ণালঙ্কার উধাও হয়েছে।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনার আগে থেকেই নির্বাহী প্রকৌশলী তাকে বিভিন্ন সময় একা অফিসে যেতে বলেন। একা তার অফিসে না যাওয়ার কারণে ক্ষুব্ধ হয়ে তিনি এসব ঘটনা ঘটান।

এ বিষয়ে বুধবার রাতেই নির্বাহী প্রকৌশলী আবু বকর তালুকদার ও সহকারী প্রকৌশলী সাইফুল ইসলামসহ বিদ্যুৎ অফিসের অজ্ঞাতনামা আরো ৮/১০ জনের বিরুদ্ধে সরিষাবাড়ী থানায় লিখিত অভিযোগ করেছেন।

বিদ্যুৎ অফিসের কর্মকর্তা-কর্মচারীরা বাসায় ঢুকে কী করেছে তার কিছু ভিডিও তার মোবাইল ফোনে রয়েছে বলে মাহফুজা জানান।

এ ব্যাপারে সরিষাবাড়ী বিউবোর নির্বাহী প্রকৌশলী আবু বকর তালুকদার অভিযোগ অস্বীকার করে বলেন, বিউবোর জমি ও অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহার করতে না পেরে মিথ্যা অভিযোগ করেছেন। তার অফিসে সিসি ক্যামেরা লাগানো আছে। তার অফিস কক্ষে কোনো নারী কর্মচারীকেই ঢুকতে দেওয়া হয় না। ওই নারীকে একা দেখা করতে বলার অভিযোগ ভিত্তিহীন।

সরিষাবাড়ী থানার ওসি মোহাম্মদ মহব্বত কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই নারীর অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।