পেয়ারা বাগানে পড়েছিল এনজিও কর্মকর্তার লাশ
পেয়ারা চাষীসহ স্থানীয় ব্যবসায়ীদের ক্ষুদ্র ঋণ প্রদান করতেন তিনি
ঝালকাঠিতে সদর উপজেলায় পেয়ারা বাগান থেকে বেসরকারি সংস্থার এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার কীর্তিপাশা ইউনিয়নের কাফুরকাঠি গ্রাম থেকে বৃহস্পতিবার দুপুরে পুলিশ মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে বলে জানিয়েছেন ঝালকাঠি সদর থানার ওসি মো. খলিলুর রহমান।
ওসি খলিলুর রহমান জানান, মরদেহের পকেটে থাকা কাগজপত্রের মাধ্যমে ওই ব্যক্তির নাম সজল চন্দ্র, বয়স ৩২ বছর বলে প্রাথমিকভাবে জানা গেছে। তিনি ‘দক্ষিণ বাংলা উন্নয়ন সংস্থা’ নামে একটি বেসরকারি সংস্থার নির্বাহী পরিচালক ছিলেন।
ওসি বলেন, “তিনি পেয়ারা চাষিসহ স্থানীয় ব্যবসায়ীদের ক্ষুদ্র ঋণ প্রদান করতেন বলে স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি।”
ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে; এ ঘটনায় তদন্ত অব্যহত রয়েছে বলেও জানান ওসি।
