২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে বাস-লেগুনা সংঘর্ষে নারীসহ নিহত ২

এ ঘটনায় লেগুনার আরও পাঁচ যাত্রী আহত হয়েছেন বলে পুলিশ জানায়।

নারায়ণগঞ্জে বাস-লেগুনা সংঘর্ষে নারীসহ নিহত ২

সংঘর্ষে লেগুনাটি দুমড়েমুচড়ে সড়কের এক পাশে ছিটকে পড়ে

নারায়ণগঞ্জ প্রতিনিধি

Published : 28 Oct 2022, 07:25 PM

Updated : 28 Oct 2022, 07:25 PM

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে লেগুনার চালক ও এক নারীযাত্রী নিহত হয়েছেন।

শুক্রবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচরুখী এলাকায় এ ঘটনা বলে কাঁচপুর হাইওয়ে থানার ভুলতা ফাঁড়ির পরিদর্শক ওমর ফারুক জানান।

নিহতরা হলেন লেগুনা চালক ফেরদৌস (২৬) এবং পরিবহনটির যাত্রী কুলসুম (৫৫)।

কুলসুম আড়াইহাজারের বেগপাড়ার লোকমানের স্ত্রী।

এ ঘটনায় লেগুনার আরও পাঁচ যাত্রী আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

পরিদর্শক ওমর ফারুক বলেন, ওই এলাকায় ঢাকামুখী রূপসী বাংলা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও লেগুনা দুটি ছিটকে সড়কের দুই পাশে পড়ে যায়।

“লেগুনায় থাকা কুলসুম নামের ওই নারী ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় রূপগঞ্জ উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পর মারা যান লেগুনার চালক ফেরদৌস।”

দুর্ঘটনাকবলিত বাস ও লেগুনাটি জব্দ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, দুর্ঘটনার পরপরই বাস ফেলে চালক পালিয়ে যান। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

মহাসড়কে লেগুনা চলাচলের অনুমতি আছে কিনা জানতে চাইলে হাইওয়ে পুলিশের এ কর্মকর্তা বলেন, “হাইওয়েতে এগুলো নিষিদ্ধ। তবে এই লেগুনা কী করে যাত্রী নিয়ে চলছিল সে বিষয়ে তদন্ত করা হবে।”