গাজীপুরে রেল লাইনের পাশে মিলল অজ্ঞাত যুবকের লাশ
রেল পুলিশের ধারণা, কোনো ট্রেন থেকে পড়ে তার মৃত্যু হয়েছে।
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার রেল লাইনের পাশে পড়ে থাকা অজ্ঞাত একজনের লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে টঙ্গী-ঘোড়াশাল রেল লাইনের দেওপাড়া এলাকায় লাশটি পাওয়া যায় বলে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী টাউন সাব-ইন্সপেক্টর মো. আবু হানিফ জানান।
নিহতের নাম-পরিচয় এখনও জানা যায়নি।
স্থানীয়দের বরাতে সহকারী টাউন সাব-ইন্সপেক্টর হানিফ বলেন, দেওপাড়া এলাকায় আড়িখোলা থেকে ঘোড়াশাল গামী রেল লাইনের পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।
“পরে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। নিহতের বয়স আনুমানিক ৩৮ বছর। নিহতের পরনে ছিল চেক লুঙ্গি ও কমলা রঙের শার্ট। তার না-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।”
আলামত দেখে ধারণা করা হচ্ছে, কোনো ট্রেন থেকে পড়ে তার মৃত্যু হয়েছে বলে জানান রেলওয়ে পুলিশের এই কর্মকর্তা।
