শ্রমিককে মারধরের জেরে নওগাঁয় বাস বন্ধ, যাত্রীদের দুর্ভোগ
বাস শ্রমিকদের অভিযোগ, অটোরিকশার চালকরা তাদের এক সহকর্মীকে মারধর করেছে।
অটোরিকশার চালকরা এক সহকর্মীকে মারধরের পর নওগাঁ কেন্দ্রীয় টার্মিনাল থেকে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ করে দিয়েছেন শ্রমিকরা।
বুধবার সকাল থেকে জেলার অভ্যন্তরীণ পথে ১১টি উপজেলার মধ্যে বাস চলাচল বন্ধ করে দেওয়ায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। সকাল থেকেই কাউন্টারে দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা গেছে অনেককে।
জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, মঙ্গলবার বিকেলে সাড়ে ৫টার দিকে শহরের বালুডাঙ্গা টার্মিনালে এক বাস শ্রমিককে মারধর করেন অটোরিকশার চালকরা। এর জের ধরে সকাল থেকে জেলার সব পথে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন শ্রমিকরা।
তিনি আরও জানান, এরই মধ্যে পুলিশ প্রশাসন, বাস মালিক, শ্রমিক সমিতি ও অটোরিকশা চালকদের মধ্যে বৈঠকে বিষয়টির সমঝোতা হয়েছে। আশা করা যায়, খুব শিগগির বাস চলাচল শুরু হবে।
নওগাঁ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) রাজিবুল ইসলাম বলেন, “মঙ্গলবার বিকেলে বালুডাঙ্গা টার্মিনালে বাস শ্রমিকের একজনকে মারধর করে অটোরিকশা চালকরা। এ ঘটনায় উভয় পক্ষই আজ বৈঠকে বসে সমঝোতা করেছে। আমরা আশা করছি, যাত্রীদের কথা বিবেচনা করে শিগগির বাস চলাচল শুরু হবে।”
