২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরা জেলা ছাত্রদলের সভাপতি-সম্পাদকসহ ২৩ নেতাকর্মী কারাগারে

মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক বলেন, “সরকার দলীয় নেতার ষড়যন্ত্রমূলক মামলায় বিএনপির নেতাকর্মীরা জেলে গেছেন।”

মাগুরা জেলা ছাত্রদলের সভাপতি-সম্পাদকসহ ২৩ নেতাকর্মী কারাগারে

জেলা ও দায়রা জজ আদালত

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2022, 12:32 AM

Updated : 14 Oct 2022, 12:31 AM

মাগুরায় ছাত্রলীগের এক নেতার করা মামলায় জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিএনপির ২৩ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে জামিন নিতে গেলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে আসামি পক্ষের আইনজীবী শাহেদ হাসান টগর জানান।

জেলা বিএনপির সদস্য সচিব আক্তার হোসেন জানান, গত ২৭ অগাস্ট বিএনপির সমাবেশের সময় ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষের ঘটনায় জেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রহিম ও সাধারণ সম্পাদক আবু তাহের সবুজসহ বিএনপির ২৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন মাগুরা আদর্শ কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৌরভ হোসেন।

মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ বলেন, “সরকার দলীয় নেতার ষড়যন্ত্রমূলক মামলায় বিএনপির ২৩ নেতাকর্মীকে আটক করে জেল-হাজতে পাঠানো হয়েছে।

“আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে এ ধরনের অসংখ্য মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। যাতে তারা এ সরকারের অন্যায়, অবিচার, দুঃশাসনের বিরুদ্ধে কথা বলতে না পারে।”