২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আখাউড়া স্থলবন্দর দিয়ে এলো ১০ টন ভারতীয় পেঁয়াজ

আমদানি করা এই পেঁয়াজের প্রতিটনের দাম ২৫০ মার্কিন ডলার।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2023, 09:34 PM

Updated : 12 Jun 2023, 09:34 PM

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি করা ১০ টন পেঁয়াজ দেশে এসেছে।

সোমবার বিকালে পেঁয়াজবোঝাই একটি ভারতীয় ট্রাক বন্দরে এসে পৌঁছে বলে জানিয়েছেন আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক মো. আতিকুল ইসলাম।

দেশের বাজারে পেঁয়াজের দাম অব্যাহতভাবে বাড়তে থাকায় গত ৫ জুন আমদানির অনুমতি দেয় সরকার।

আর এই আমদানির মাধ্যমে প্রায় তিন মাস বন্ধ থাকার পর আখাউড়া স্থলবন্দরের পণ্য আমদানি বাণিজ্য আবারও সচল হলো। সবশেষ গত মার্চের প্রথম সপ্তাহে এই বন্দর দিয়ে ভারত থেকে ৩৮ টন ভাঙা পাথর আমদানি করা হয়েছিল।

আতিকুল ইসলাম জানান, এই পেঁয়াজের প্রতিটনের আমদানিমূল্য ২৫০ মার্কিন ডলার। মঙ্গলবার সকালে আমদানি করা এসব পণ্য বন্দর থেকে খালাস করা হবে। 

স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট আদনান ট্রেড ইন্টারন্যাশনাল এসব পেঁয়াজের কাস্টমস ক্লিয়ারিংয়ের কাজ করবে বলে তিনি জানান।

আতিকুল ইসলাম আরও জানান, বিডিএস করপোরেশন নামে একটি প্রতিষ্ঠান আখাউড়া স্থলবন্দর দিয়ে ২০০ টন পেঁয়াজ আমদানির জন্য এলসি খুলেছে। প্রথম চালানে একটি ট্রাকে ১০ টন এসেছে। ধাপে ধাপে এলসির বাকি পেঁয়াজ বন্দরে এসে পৌঁছবে।

আমদানি পণ্য থেকে কাস্টমস কর্তৃপক্ষ নির্ধারিত হারে শুল্ক এবং বন্দর কর্তৃপক্ষ বিভিন্ন মাশুল পাবে বলেও জানান তিনি।