রাজস্ব আদায়ে নতুন সময়সীমা: ধর্মঘটে মহালছড়ির জেলেরা
নিবন্ধিত এক হাজার ৫৯১ জেলের সংগঠন মহালছড়ি মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
মাছ আহরণের রাজস্ব আদায়ে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের বেঁধে দেওয়া সময়সীমার প্রতিবাদের খাগড়াছড়ির মহালছড়িতে অনির্দিষ্টকালের অবস্থান ধর্মঘট ও কর্মবিরতি পালন করছে জেলা ও মৎস্য ব্যবসায়ীরা।
শনিবার সকাল থেকে নিবন্ধিত ১ হাজার ৫৯১ জেলের সংগঠন মহালছড়ি মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে এ কর্মসূচি পালিত হচ্ছে বলে জানান সংগঠনের সাবেক ও মাছ ব্যবসায়ী মো. আবুল খায়ের।
তিনি বলেন, “আগে দিবারাত্রি যেকোনো সময় ঘাটে মাছ এনে রাজস্ব দিয়ে চালান করা যেত। ১ সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম করা হয়েছে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজস্ব দেওয়া যাবে। এতে ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়বেন।”
সমিতির সভাপতি মালেক মিয়া বলেন, “নতুন নিয়মের কারণে জেলে ও মাছ ব্যবসায়ীরা ক্ষতির শিকার হচ্ছেন।”
বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের মহালছড়ির স্টেশন কর্মকর্তা মো. নাঈম আহমেদ রিয়াদ জানান, বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।
বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের রাঙামাটি অঞ্চলের পরিচালক কমান্ডার মো. আশরাফুল আলম ভূঁইয়া বলেন, “কাপ্তাই লেকের মৎস্য সংরক্ষণ সুন্দরভাবে করার জন্য সময়সীমা নির্ধারণ করা হয়েছে। নতুন নিয়মে মৎস্যজীবীদের কোনো সমস্যা থাকলে তারা আলোচনা করে তা সমাধান করতে পারতেন। চাপ প্রয়োগ করার জন্য তারা এটা করেছেন।”
চার মাস পর কাপ্তাই লেকে ১ সেপ্টেম্বর থেকে মাছ ধরা শুরু হয়েছে। কিন্তু ধর্মঘটের কারণে সেখানকার জেলে, বরফকল শ্রমিক, নৌযান শ্রমিক ও মাছ ব্যবসায়ীরা অলস সময় পার করছেন।
[ প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ২ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: সেটির ফেইসবুক লিংক ]
