সাভারে ভুয়া ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরির নামে প্রতারণা, গ্রেপ্তার ১৫
চাকরির নিশ্চয়তা ও মোটা অংকের বেতনের প্রলোভন দেখিয়ে ১০-২০ হাজার টাকা নিয়ে ইন্স্যুরেন্স কোম্পানিতে পলিসি খুলতে বাধ্য করত তারা।
ঢাকার সাভারে ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে ১৫ জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
চক্রটি চাকরি প্রত্যাশীদের কাছ থেকে দেড় কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে মঙ্গলবার দুপুরে র্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার মো. মাজহারুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এর আগে সোমবার রাতে সাভারের শিমুলতলা এলাকার একটি বহুতল ভবনের চতুর্থ তলায় অবস্থিত ‘জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি’র অফিসে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে র্যাব।
গ্রেপ্তাররা হচ্ছেন- মো. এরশাদ শেখ (৩১), মো. নাঈম শেখ (২৬), মো. শহিদুল্লাহ (২৩), মো. ইলিয়াস আহম্মেদ (২৫), মো. জামালউদ্দিন (৫২), মো. জিয়াউর রহমান (২৫), মো. মহসিন কবির (৪২), মো. কামরুল শেখ (১৯), মো. আজিজুল ইসলাম (২০), হুমায়ূন শেখ (২১), মো. রাহাত ওরফে অনিক (১৯), মাওলানা মাইনুদ্দিন (২৩), মো. বারহাম মিয়া (২০), মো. হিজবুল্লাহ (১৯) ও মো. চাঁনমিয়া (১৯)।
তাদের হেফাজত থেকে র্যাব একটি সিপিইউ, একটি মনিটর, দুটি প্রিন্টার, ১৫টি রেজিস্টার, ১৪টি মোবাইল, ১৪টি সিমকার্ড, নয়টি সিল, ৩০টি ভিজিটিং কার্ড, চারটি আইডি কার্ড, দুটি ব্যানার, ২৫০টি বায়োডাটা ফরম, ২০০টি লিফলেট, একটি ক্যাশভাউচার ও আটটি আবেদন ফরম জব্দ করেছে।
র্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, “জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি’ নামে একটি ভুয়া রেজিস্ট্রেশনবিহীন প্রতিষ্ঠানে ফুল-টাইম, পার্ট-টাইম চাকরির বিজ্ঞাপন দেখে শত শত যুবক-যুবতী ও ছাত্র-ছাত্রীরা চাকরির জন্য আসেন।
চাকরিপ্রত্যাশীদের প্রত্যেকের কাছ থেকে প্রথমে রেজিস্ট্রেশন ফি হিসেবে ৫২০ টাকা করে নিত তারা। পরে চাকরির নিশ্চয়তা ও মোটা অংকের বেতনের প্রলোভন দেখিয়ে ১০-২০ হাজার টাকা নিয়ে ইন্স্যুরেন্স কোম্পানিতে পলিসি খুলতে বাধ্য করত।
ইউনিট ম্যানেজার, ব্রাঞ্চ ম্যানেজার, এ্যাসিস্ট্যান্ট ম্যানেজার প্রভৃতি পদে ১৮ হাজার ৫০০ টাকা থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত বেতনের প্রলোভন দেখিয়ে ইন্স্যুরেন্স করাতে প্রলুব্ধ করত।
চাকরি পাওয়ার পর মাসের পর মাস অফিসে আসা যাওয়া করে বেতন না পেয়ে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে অনেকে টাকা ফেরত চাইলে তাদেরকে বিভিন্ন প্রকার ভয়-ভীতি, মারধর এমনকি প্রাণনাশের হুমকি প্রদান করত।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, এই প্রতারক চক্র এর আগেও প্রতারণার দায়ে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে একাধিকবার আটক হয়েছে। তাদের বিরুদ্ধে প্রতারণার দায়ে ঢাকা জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা প্রতারণার বিষয়টি স্বীকার করেছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র্যাব।
