গোপালগঞ্জে ভাসমান বেডে তরমুজ চাষে ‘লাভ’ কৃষকের
কৃষি গবেষণা ইনস্টিটিউট বলছে,এ তরমুজ বিক্রি করে কৃষকের আয় বাড়ছে।
ভাসমান বেডে তরমুজ চাষে সাফল্য পেয়েছেন গোপালগঞ্জের কৃষকরা। জেলার ২০০ কৃষক অন্তত ১ হাজার ভাসমান বেডে এ বছর তরমুজের বাণিজ্যক চাষ করেছেন। প্রতিটি ভাসমান বেডেই আশানুরূপ ফলন হয়েছে; তরমুজের ভালো দাম পেয়ে খুশি কৃষকও।
কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীদের দাবি, তাদের উদ্ভাবিত বারি ‘তরমুজ-১’ ও ‘সুইট ব্লাক’ জাতের তরমুজের বীজ ভাসমান বেডে আবাদ করে কৃষক এ বছর প্রথম বাণিজ্যিকভাবে তরমুজ উৎপাদন করেছে। আর এতে এ বছরই প্রথম সফলতা এসেছে।
কৃষি গবেষণা ইনস্টিটিউটের গোপালগঞ্জ সরেজমিন গবেষণা বিভাগের উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মহসীন হাওলাদার জানান, ভাসমান বেডে সবজি, মসলা চাষ গবেষণা, সম্প্রসারণ ও জনপ্রিয় করণ প্রকল্পের আওতায় এ বছর প্রথম গোপালগঞ্জে ২ শ’ কৃষক অন্তত ১ হাজার ভাসমান বেডে তরমুজের বাণিজ্যিক চাষ করেন। প্রতিটি বেডেই তরমুজের আশানুরূপ ফলন হয়েছে।
তিনি বলেন, “এতদিন গবেষণাগারে ভাসমান বেডে তরমুজ উৎপাদন নিয়ে কাজ করা হয়েছে। এ বছর প্রথম গোপালগঞ্জে কৃষককের ভাসমান বেডে বাণিজ্যিক তরমুজ চাষে সাফল্য মিলেছে। আমরা ভাসমান বেডের কৃষিকে আরও লাভজনক কৃষিতে পরিনত করতে চাই। তাই এ কৃষিতে নতুন নতুন উচ্চ মূল্যের ফসল উৎপাদনে কৃষককে উৎসাহিত করছি।
“তেমনই একটি উচ্চ মূল্যের ফসল তরমুজ। একটি লাউ বিক্রি করে যেখানে কৃষক ২০ টাকা থেকে ৪০ টাকা পান। সেখানে একটি তরমুজ বিক্রি করে কৃষক ১ শ’ থেকে ২ শ’ টাকা পাচ্ছেন। এতে কৃষকের আয় বাড়ছে।”
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার মিত্রডাঙ্গা গ্রামের কৃষক শক্তি কীর্ত্তনীয়া বলেন, “এতদিন আমরা ভাসমান বেডে, বিভিন্ন প্রকার শাক, ঢেঁড়শ, লাউ, কুমড়া, ফুলকপি, বাঁধাকপি, শশা ও টমেটোসহ বিভিন্ন সবজি উৎপাদন করেছি। কৃষি গবেষণা ইনস্টিউিটের সহযোগিতায় ও পরামর্শে এ বছর প্রথম বাণিজ্যিকভাবে তরমুজ চাষ করেছি। তরমুজ চাষে কোন সেচ, কীটনাশক ও সার লাগেনি।
তারপদ বালা নামের আরেক কৃষক বলেন, “অর্গানিক পদ্ধতিতে মানব দেহের জন্য নিরাপদ তরমুজ আমরা সফলভাবে উৎপাদন করেছি। বাজারে এ তরমুজের ব্যাপক চাহিদা রয়েছে। তাই প্রতিটি তরমুজ ১ শ’ থেকে ২ শ’ টাকা দরে বিক্রি করেছি। কম খরচে তরমুজ উৎপাদন করে অধিক লাভবান হয়েছি।”
গোপালগঞ্জ বড় বাজারের ফল বিক্রেতা রতন সাহা জানান, এ বছর বাজারে অসময়ের তরমুজ প্রচুর আমদানি হয়েছে। তবে এ তরমুজ খুবই রসালো ও মিষ্টি। তাই ক্রেতাদের কাছে চাহিদা রয়েছে বেশ ভাল।
“প্রতি কেজি তরমুজ আমরা ৬০ টাকা দরে ক্রয় করে ক্রেতাদের কাছে ৮০ থেকে ১ শ’ টাকা দরে বিক্রি করছি। এ তরমুজে চাষিরা যেমন পয়সা পেয়েছে, তেমনি আমরাও লাভবান হয়েছি।” বলেন তিনি।
তরমুজ ক্রেতা তানজিলা মেহজাবিন বলেন, “আগে অসময়ে যে তরমুজ পাওয়া যেত, সেগুলো বিদেশ থেকে আসতো। দেড় থেকে দুই কেজি ওজনের প্রতিটি তরমুজ ৫০০ টাকায় কিনতে হতো। এখন এই তরমুজ দেশে হচ্ছে। ২ শ’ থেকে ২শ’৫০ টাকার মধ্যে এই তরমুজ কিনতে পারছি। এই তরমুজ খুবই সুস্বাদু।”
