২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে শিশুকে ‘খালে ফেলে হত্যা’, সৎ মা আটক

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোনিয়া বেগম শিশুটিকে খালে ফেলে দেওয়ার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

গোপালগঞ্জে শিশুকে ‘খালে ফেলে হত্যা’, সৎ মা আটক

খালের ওপর নির্মিত লক গেইট

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2022, 10:59 PM

Updated : 02 Sep 2022, 10:59 PM

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় খালের পানিতে ফেলে এক শিশুকে হত্যার অভিযোগে এক গৃহবধূকে আটক করা হয়েছে; যিনি শিশুটির সৎ মা।

শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার গজালিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে টুঙ্গিপাড়া থানার পরিদর্শক আবুল মনসুর জানান।

তিন বছর বয়সী মরিয়ম ওই গ্রামের রহমত মোল্লার প্রথম স্ত্রীর মেয়ে। আটক সোনিয়া বেগম রহমতের দ্বিতীয় স্ত্রী।

পুলিশ বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোনিয়া বেগম শিশুটিকে খালে ফেলে দেওয়ার কথা স্বীকার করেছেন।

Image

টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিস ও খুলনার ডুবুরিদলের যৌথ অভিযান

গৃহবধূকে জিজ্ঞাসাবাদের বরাতে পরিদর্শক মো. আবুল মনসুর জানান, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে গজালিয়া গ্রামের কাঠুয়ার খালের ওপর নির্মিত লক গেট থেকে ধাক্কা মেরে মারিয়কে খালের পানিতে ফেলে দেন সৎ মা সোনিয়া বেগম। মুহূর্তেই শিশুটি খালের পানিতে নিখোঁজ হয়।

“টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিস ও খুলনার একটি ডুবুরিদল গিয়ে অভিযান চালিয়ে বিকালে শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করে।”

শিশুটির বাবা রহমত মোল্লা বলেন, “আমার প্রথম স্ত্রী সন্তান প্রসবের সময় মারা যান। চার মাস আগে আমি সোনিয়াকে বিয়ে করি। কিন্তু বিয়ের পর থেকে আমার দুই মেয়ের সঙ্গে সে খারাপ আচরণ শুরু করে। এ নিয়ে কয়েকবার সালিশ হয়েছে। কিন্তু তাতে কোনো কাজ হয়নি। আজ সে আমার এক মেয়েকে মেরে ফেলেছে। আমি আমার কন্যা হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”