গোপালগঞ্জে তৈলাক্ত কলা গাছ বেয়ে ওঠা প্রতিযোগিতা
এতে ৩০ জন প্রতিযোগি অংশ নেন।
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী তৈলাক্ত কলা গাছ বেয়ে ওঠা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার ভাঙ্গারহাট কালিকাবাড়ি দুর্গা মন্দির চত্বরে স্বেচ্ছাসেবী সংগঠন ‘হেল্প লাইন সোসাইটি’ শুক্রবার এ প্রতিযোগিতার আয়োজন করে।
প্রতিযোগিতায় প্রথম হয়েছেন অনিক পাণ্ডে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “একবার না পারিলে দেখো শত বার। এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে ওই কবিতার লাইন বারবার মনে আসছিল। কারণ তৈলাক্ত কলাগাছ বেয়ে ওঠা সহজ কাজ হয়।
“উপরে উঠতে গিয়ে বারবার পিছলে পড়েছি। তাপরও শত চেষ্টায় সফল হয়েছি। চেষ্টা করলে যে, সফল হওয়া যায় এই প্রতিযোগিতাটি তার উৎকৃষ্ট উদাহরণ। জীবনের প্রতিটা ক্ষেত্রেই আমাদের প্রতিযোগিতা করেই লক্ষ্যে পৌঁছাতে হয়।”
প্রতিযোগিতা শুরুর আগে বিশাল আকৃতির তিনটি কলাগাছে ভালোভাবে সরিষার তেল মাখা হয়। এরপর শুরু হয় প্রতিযোগিতা। এতে ৩০ জন প্রতিযোগি অংশ নেন।
বিকালে শুরু হওয়া এ প্রতিযোগিতা দেখতে এলাকার সকল বয়সের শতশত নারী পুরুষ জড়ো হয়। প্রতিযোগিদের কলাগাছ বেয়ে উপরে উঠতে অনেকবার ব্যর্থ হতে হয়েছে। উপস্থিত দর্শকরা করতালি দিয়ে তাদের উৎসাহ দিয়েছেন। এ সময় প্রতিযোগিতাস্থল মুখরিত হয়ে ওঠে।
সন্ধ্যার পর বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় অংকন পাণ্ডে ও হরিচাঁদ পাণ্ডে যথাক্রমে প্রথম ও দ্বিতীয় রানার্সআপ হন।
হেল্প লাইন সোসাইটির সভাপতি ডা. আশীষ কুমার পাণ্ডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
আশীষ বলেন, “আমাদের সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতি বছর আমরা এ ধরনের গ্রামীণ খেলার আয়োজন করে থাকি। এ বছর এই তৈলাক্ত কলা গাছ বেয়ে ওঠা প্রতিযোগিতা ও বাউল গানের আয়োজন করেছি।”
তৈলাক্ত কলা গাছ বেয়ে ওঠা প্রতিযোগিতা দেখতে আসা জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্র অনির্বান পাণ্ডে বলে, “আমি আমার বাবার সঙ্গে প্রতিযোগিতা দেখার জন্য এসেছি। আমার খুব ভালো লেগেছে।”
শিক্ষার্থী ঝুমা বৈদ্য বলেন, “আমি বিগত ৫ বছর ধরে এখানে এ প্রতিযোগিতা দেখতে আসি। খুব আনন্দ মুখর পরিবেশের মধ্যে দিয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।”
ভাঙ্গারহাট নৌ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. ওমর শরীফ, রাধাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সর্বানন্দ বৈদ্য, আওয়ামী লীগ নেতা অরুণ পাণ্ডে ও হেল্প লাইন সোসাইটির সাধারণ সম্পাদক চিন্ময় পাণ্ডে এ সময় উপস্থিত ছিলেন।
