অনলাইন থেকে জাবির প্রথম বর্ষের শিক্ষার্থীরা ক্লাসে ফিরছেন
গত বছরের ৩০ নভেম্বর থেকে ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা অনলাইনে ক্লাস শুরু করেছিলেন।
দুই মাস অনলাইনে ক্লাস করার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্নাতক ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ১ ফেব্রুয়ারি থেকে সশরীরে ক্লাসে ফিরছেন।
বিশ্ববিদ্যালয়ের উপ-নিবন্ধক (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আবাসিক বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের আবাসন সমস্যার কারণে যাতে গণরুমে থাকতে না হয় মূলত এই চিন্তা থেকেই গত বছরের ৩০ নভেম্বর ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অনলাইন ক্লাস শুরু হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছিল, চার হাজার আসন বিশিষ্ট যে নতুন চারটি হল তৈরি করা হয়েছে তা চালু করেই শিক্ষার্থীদের সরাসরি ক্লাসে হাজির করা হবে।
এর মধ্যে বৃহস্পতিবারের বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২২-২৩ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস ১ ফেব্রুয়ারি শুরু হবে। তাদের হল বণ্টনের প্রজ্ঞাপন ৩১ জানুয়ারি ভর্তি বিষয়ক ওয়েবসাইট ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রচার করা হবে।
এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নুরুল আলম জানুয়ারি মাসেই নবীনদের সশরীর ক্লাস শুরু হওয়ার কথা বলেছিলেন। যদিও সেটা জানুয়ারি মাস পেরিয়ে ফেব্রুয়ারি মাসের প্রথম দিন থেকে শুরু হচ্ছে।
নিবন্ধক কার্যালয়ের তথ্যমতে, বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মোট ১২ হাজার ৫৩৩ জন শিক্ষার্থী আছে। এই শিক্ষার্থীদের জন্য ২১টি আবাসিক হল আছে। তবে এর মধ্যে চারটি এখনও চালু হয়নি।
সেগুলো চালু হলে আসন সংখ্যা দাঁড়াবে ১৪ হাজার ৩৬২টি। এর মধ্যে ছেলেদের ১১টি হলে আসন ৭ হাজার ৬২৬টি আর মেয়েদের ১০টি হলে আসন আছে ৬ হাজার ৭৩৬টি।
