২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে একদিনে পানিতে ডুবে শিশুসহ ৩ জনের মৃত্যু

সদর উপজেলায় নরসুন্দা নদীতে ডুবে তরুণ এবং বাজিতপুরে খালে পড়ে দুই শিশু মারা যায়।

কিশোরগঞ্জে একদিনে পানিতে ডুবে শিশুসহ ৩ জনের মৃত্যু
প্রতীকী ছবি

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2026, 09:06 PM

Updated : 11 Sep 2026, 03:43 PM

কিশোরগঞ্জের সদর ও বাজিতপুর উপজেলায় একদিনে পানিতে ডুবে দুই শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। 

শনিবার সদর উপজেলার নীলগঞ্জ এলাকায় একজন এবং বাজিতপুর পৌরসভার মীরারবন্দ এলাকায় দুইজন মারা যান বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানার পুলিশ।

নিহতরা হলো- মীরারবন্দ গ্রামের সুজন মিয়ার ছেলে মো. তাসিন (৫), একই এলাকার শাওন মিয়ার মেয়ে জান্নাতুল মাওয়া (৫) এবং সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের ডুবাইল গ্রামের হেলাল উদ্দিনের ছেলে ফয়সাল (২২)। 

বাজিতপুর থানার ওসি এস এম শহীদুল্লাহ বলেন, দুপুরে তাসিন ও মাওয়া বাড়ির পাশে খেলছিল। এক পর্যায়ে তারা পাশের খালে পড়ে যায়। দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাদের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। 

পরে স্বজনরা খালে নেমে তাদের সন্ধান চালান। এক পর্যায়ে খাল থেকে তাসিন ও মাওয়ার লাশ উদ্ধার করা হয়।

তিনি বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এদিন বিকালে সদর উপজেলার নীলগঞ্জ বাজার ঘাট সংলগ্ন নরসুন্দা নদীতে ডুবে ফয়সাল নামের এক তরুণের মৃত্যু হয়। 

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মোমেন মুর্শেদ ফয়সাল বলেন, ফয়সালসহ কয়েকজন নীলগঞ্জ বাজার জামে মসজিদে তাবলিগ জামাতে এসেছিলেন। বেলা সাড়ে ১২টার দিকে বাজারের নদীর ঘাটে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যান ফয়সাল।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। বিকাল পৌনে ৪টার দিকে ঘটনাস্থলের কাছাকাছি স্থান থেকে ফয়সালের মরদেহ উদ্ধার করা হয়।