সাভারে কারখানায় ফায়ার এক্সটিংগুইশার বিস্ফোরণে ২ দিনমজুর নিহত
পুলিশ পরিদর্শক জুয়েল মিঞা বলেন, রহিম আফরোজ কারখানার ভিতরে এ ঘটনা ঘটে।
ঢাকার অদূরে সাভারে একটি কারখানায় ফায়ার এক্সটিংগুইশার বিস্ফোরণে দুই দিনমজুর নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) জুয়েল মিঞা বলেন, মঙ্গলবার ভোর ৫টার দিকে বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকার রহিম আফরোজ কারখানার ভিতরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নরসিংদীর রায়পুরা থানার গোপীনাথপুর গ্রামের আজগর আলীর ছেলে ওলিউর রহমান (৫০) এবং ভোলা সদর থানার পশ্চিম চরখালি গ্রামের আব্দুল আজিজের ছেলে ফয়েজ উদ্দিন (৪৫)। দুজনই রহিম আফরোজ কারখানার দৈনিক ভিত্তিতে কাজ করতেন।
নিহত ফয়েজ উদ্দিনের ভাই মনির হোসেন সাংবাদিকদের বলেন, সোমবার রহিম আফরোজ কারখানার জন্য আগুন নেভানোর যন্ত্র কিনে আনে কর্তৃপক্ষ। ভোরে সেসব যন্ত্র একটি পিকআপ থেকে নামানোর সময় বিস্ফোরণ হয়। এ সময় ফয়েজ ও ওলিউর রহমান ঘটনাস্থলেই মারা যান।
তাদের উদ্ধার করে প্রথমে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) জুয়েল মিঞা বলেন, “বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এ ব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে।”
তবে এ ব্যাপারে রহিম আফরোজ কারখানায় গিয়ে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। বক্তব্য জানার চেষ্টা করা হচ্ছে।
