‘ডেভিল হান্ট’: নোয়াখালীতে আওয়ামী লীগ-ছাত্রলীগের ৪ জন আটক
“সন্ত্রাস দমন আইনে গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে তোলা হবে।”
অপারেশন ‘ডেভিল হান্টের’ দ্বিতীয় দিনে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া থেকে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ৪ নেতাকর্মী আটক হয়েছেন।
হাতিয়া থানার ওসি এ কে এম আজমল হুদা জানান, রোববার রাতে নৌবাহিনী, কোস্টগার্ড, নৌ-পুলিশ ও থানা পুলিশের সমন্বয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন-নোয়াখালী জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক হাতিয়া উপজেলার চরঈশ্বর ইউনিয়নের রতন বিহারি দাশের ছেলে সজীব চন্দ্র দাশ (৩২), তমরদ্দি ইউনিয়ন যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক একই ইউনিয়নের মো. রফিকুল্লার ছেলে মো. রুবেল (৩২), আওয়ামী লীগ কর্মী বুড়িরচর ইউনিয়নের মো. আশরাফ উদ্দিনের ছেলে মো. আফতাব উদ্দিন (৩৬) ও তমরদ্দি ইউনিয়নের আজিজুল হকের ছেলে সালাউদ্দিন (২৮)।
সোমবার দুপুরে তাদের সন্ত্রাস দমন আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হবে বলে জানান ওসি আজমল হুদা।
তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে অপারেশন ডেভিল হান্ট ঘোষণার পর হাতিয়া থানা এলাকায় দ্বিতীয় দিনের অভিযান চালানো হয়। অভিযানে কোস্টগার্ড ও পুলিশের সহযোগিতায় আফতাব উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। বাকি চারজনকে গ্রেপ্তার করে নৌ-বাহিনী।
আটকদের বিরুদ্ধে অস্থিতিশীল পরিবেশ তৈরির অভিযোগ রয়েছে বলে জানান তিনি।
