২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে বজ্রপাতে তরুণের মৃত্যু

বাড়ির পাশে মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে আহত হন মাহাদী।

ফেনীতে বজ্রপাতে তরুণের মৃত্যু
প্রতীকী ছবি

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2024, 05:57 PM

Updated : 26 Aug 2026, 09:36 AM

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। 

রোববার দুপুরে উপজেলার রাধানগর ইউনিয়নের উত্তর কুহুমা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ছাগলনাইয়া থানার ওসি হাসান ইমাম।

নিহত মাহাদী হাসান (১৮) ওই গ্রামের মজুমদার বাড়ির আতিকুর রহমান মজুমদারের ছেলে। তিনি স্নাতক শ্রেণিতে ভর্তির অপেক্ষায় ছিলেন।

ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মাহতাব উদ্দিন মজুমদার বলেন, দুপুরের দিকে আকাশ মেঘলা থাকায় মাহাদী গরু আনতে বাড়ির পাশে মাঠে যান। এ সময় হঠাৎ বজ্রপাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। 

স্থানীয়রা পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান তিনি। 

ওসি হাসান বলেন, লাশ স্বজনরা দাফনের জন্য হাসপাতাল থেকে বাড়ি নিয়ে গেছে।