Published : 10 Jun 2026, 04:54 PM
জার্মানি ফুটবল দলের ভক্ত আমজাদ হোসেন। এবার বিশ্বকাপের শুরুতে পছন্দের দলের সমর্থনে সাড়ে সাত কিলোমিটার পতাকা বানিয়েছেন তিনি; তাও আবার জমি বিক্রির টাকা দিয়ে।
বুধবার সকাল ১০টায় নিজ এলাকা মাগুরা সদর উপজেলার নিশ্চিন্তপুর হাই স্কুল মাঠে এই পতাকা প্রদর্শন করেন আমজাদ। পতাকা দেখতে বিভিন্ন অঞ্চল থেকে শত শত মানুষ মাঠে উপস্থিত হন।
আমজাদ হোসেন সদর উপজেলার ঘোড়ামারা গ্রামের নেহাল উদ্দিন মোল্যার ছেলে। তিনি পেশায় একজন কৃষক। ২০০৪ কিংবা ২০০৫ সালের দিকে আমজাদ কঠিন রোগে আক্রান্ত হন। সেই সময় অনেক রকম চিকিৎসা নিয়েও কোনো সুফল পাননি। শেষে এক চিকিৎসকের পরামর্শে জার্মানির হোমিওপ্যাথিক ওষুধ সেবনের পর সুস্থ হয়ে হন তিনি।

এরপর থেকে জার্মানির প্রতি আমজাদের এক ধরনের ভালো লাগা কাজ করত। সেই থেকে বিশ্বকাপে জার্মান ফুটবল দলের ভক্ত তিনি। যার বহিঃপ্রকাশ হিসেবে আমজাদ নিজ খরচে তৈরি করেছেন এই পতাকা; যা তৈরিতে খরচ হয়েছে পাঁচ লাখ টাকা। আর টাকার জন্য বিক্রি করেছেন চাষের ১০ শতাংশ জমি।
আমজাদ হোসেন বলেন, ২০১৪ সালে ফুটবল বিশ্বকাপের সময় সাড়ে তিন কিলোমিটারের পতাকা তৈরির জন্য প্রথম ২০ শতাংশ জমি বিক্রি করেন তিনি। কিন্তু সেই টাকার বেশিরভাগ অন্যকাজে খরচ হয়ে গেলে দ্বিতীয় দফায় আরও ৩০ শতাংশ জমি বিক্রি করেন।
সেখান থেকে পাওয়া দেড় লাখ টাকা ব্যয় সেই সময় প্রায় সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ পতাকা তৈরি করেন আমজাদ।

“এবার ১০ শতাংশ জমি বিক্রি করেছি। তবে জার্মানি বিশ্বকাপ চ্যাম্পিয়ান হলে আরও বেশি টাকা খরচ করে জমকালো অনুষ্ঠান করব”, বলেন তিনি।
আমজাদ মনে করেন, তার পতাকার তৈরির বিষয়টি বিশ্বে বাংলাদেশকে নতুন এক পরিচয়ে পরিচিত করছে। তা হচ্ছে এদেশের মানুষের ফুটবল প্রেম।
এবার বিশ্বকাপে জার্মানি চ্যাম্পিয়ান হলে ২০৩০ সালে এর চেয়ে তিন গুণ বেশি বড় পতাকা বানাবেন আমজাদ; যা মাগুরার ভায়না থেকে সীমাখালী পর্যন্ত পথ জুড়ে প্রদর্শন করা হবে।