২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে ‘টয়লেটে যাওয়ার কথা’ বলে শিশুকে রেখে উধাও নারী

পুলিশের ধারণা কৌশলে ওই নারী নিজের সন্তানকে রবিলা খাতুনের কাছে রেখে পালিয়ে গেছেন।

ময়মনসিংহে ‘টয়লেটে যাওয়ার কথা’ বলে শিশুকে রেখে উধাও নারী

খোঁজাখুঁজি করেও ওই নারীর কোনো সন্ধান না পেয়ে শিশুটিকে নিয়ে তারাকান্দা থানায় আসেন আলমগীর।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2023, 11:09 AM

Updated : 08 Apr 2023, 11:34 AM

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় টয়লেটে যাওয়ার কথা বলে এক বছরের শিশুকে একটি বাড়িতে রেখে উধাও হয়েছেন এক নারী।

শুক্রবার দুপুরে উপজেলার গালাগাঁও ইউনিয়নের ধারাকান্দী গ্রামে এই ঘটনা ঘটে। পরে রাত ১০টায় তারাকান্দা থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানিয়েছেন ওসি আবুল খায়ের।

ওসি খায়ের জানান, শুক্রবার দুপুরের দিকে ধারাকান্দি গ্রামের আলমগীর হোসেনের বাড়িতে যান বোরকা পড়া এক নারী।

তিনি বাড়িতে থাকা আলমগীরের স্ত্রী রবিলা খাতুনকে ছেলে শিশুটিকে কিছুক্ষণ রাখার অনুরোধ করেন এবং বলেন- ‘আশেপাশে কোথাও টয়লেট নেই। টয়লেটের অনেক চাপ’, টয়লেট সেরে তিনি বাচ্চাটাকে নিয়ে যাবেন।

এরপর বোরকা পরা ওই নারী ঘরের বাইরে থাকা শৌচাগার ব্যবহারের জন্য বের হন। কিন্তু অনেক সময় পেরিয়ে গেলেও তিনি আর ঘরে ফেরেন নি।

পরে আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করেও ওই নারীর কোনো সন্ধান না পেয়ে রাত ১০টার দিকে শিশুটিকে নিয়ে তারাকান্দা থানায় আসেন আলমগীর।  

ওসি আবুল খায়ের বলেন, “ধারণা করা হচ্ছে কৌশলে ওই নারী তার নিজের সন্তানকে রবিলা খাতুনের কাছে রেখে পালিয়ে গেছেন। ওই নারীকে খুঁজে বের করার চেষ্টা চলছে। ”

ছেলে শিশুটির বয়স মাত্র এক বছর হওয়ায় তাকে আলমগীর হোসেন ও তার স্ত্রী রবিলার হেফাজতে রাখা হয়েছে। শনিবার উপজেলা শিশু কল্যাণ কমিটির সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।