১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঝিরিতে গোসল করার সময় বজ্রপাতে মারমা দম্পতির মৃত্যু

এদিকে সদর উপজেলায় সন্ধ্যায় বজ্রপাতে আরেক চাকমা যুবকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2026, 12:32 AM

Updated : 16 Sep 2026, 12:59 PM

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় বজ্রপাতে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।

শনিবার রাত ৮টার দিকে উপজেলার মাইসছড়ি ইউনিয়নের পুনর্বাসন এলাকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় কারবারি নয়ন কুমার ত্রিপুরা জানান।

নিহতরা হলেন- ওই এলাকার বাসিন্দা উচিংমং মারমা (৫৫) এবং তার স্ত্রী হ্লাপাই মারমা (৫২)।

স্বজনরা বলেন, সন্ধ্যা থেকেই এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছিল। কাজ শেষে রাতে স্বামী-স্ত্রী ঝিরিতে গোসল করছিলেন। এ সময় বজ্রপাতে দুজন ঘটনাস্থলেই মারা যান। কিছু পরে লোকজন তাদের মৃত অবস্থায় উদ্ধার করে।   

এ বিষয়ে জানতে মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরফানুল হক চৌধুরীর মোবাইলে একাধিকবার ফোন করলেও তিনি ধরেননি।

সদরে চাকমা যুবকের মৃত্যু 

এদিকে সদর উপজেলায় সন্ধ্যায় বজ্রপাতে আরেক চাকমা যুবকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

নিহত মঙ্গল শোভা চাকমা (২৮) ভাইবোনছড়া ইউনিয়নের নোয়াপাড়া এলাকার বাসিন্দা।

খাগড়াছড়ি সদর থানার ওসি মো. কায় কিসলু বলেন, মঙ্গল শোভা চাকমা সন্ধ্যা সাড়ে ৭টায় বাড়ির উঠানে কাজ করছিলেন। এ সময় বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান।