২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে ‘পাঁচ কেজি’ সোনা জব্দ, গ্রেপ্তার ৩

ভারতে পাচারকালে একটি বাস থেকে সোনার বারসহ ওই তিন জনকে গ্রেপ্তার করা হয় বলে জানায় বিজিবি।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2024, 11:34 PM

Updated : 26 Aug 2026, 10:02 AM

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় পাঁচ কেজি ১৪ গ্রাম ওজনের ১২টি সোনার বার জব্দ করেছে বিজিবি।  

বুধবার ভোরের দিকে কালীগঞ্জ জীবননগন সড়কের ফলেতপুর শিশুতলায় একটি বাস থেকে বারগুলোসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তাররা হলেন- দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার সুজাপুর গ্রামের শ্যামল কান্তি পালের ছেলে তপু পাল (৩৭), সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার মাইজাইল গ্রামের মহাদেব চক্রবর্তীর ছেলে মোহন চক্রবর্তী (৪২) ও  সিরাজগঞ্জ সদর উপজেলার সারুটিয়া গ্রামের গুলজার হোসেনের ছেলে আব্দুর রাজ্জাক (৫৫)। 

বিজিবির মহেশপুর ৫৮ ব্যাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শিশুতলা এলাকায় একটি বাসে তল্লাশি চালান তারা।

বাসের তিন যাত্রীকে সন্দেহ হলে তাদের দেহ তল্লাশি করে সোনার ১২টি বার পাওয়া যায়; যার বাজার মূল্য ৫ কোটি টাকা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিজিবির পক্ষ থেকে মামলা দিয়ে আসামিদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।  জব্দ সোনা ঝিনাইদহ ট্রেজারিতে জমা দেওয়া হয়।